আলোচনার জন্য চীন সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক

যুদ্ধ পরিস্থিতি ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনার জন্য চীন সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

গুরুত্বপূর্ণ এই কূটনৈতিক সফরের জন্য মঙ্গলবারই বেইজিংয়ের উদ্দেশে রওনা হচ্ছেন তিনি। সফরকালে আরাগচি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

সংক্ষিপ্ত এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, এই সফরে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি, বিশেষ করে চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে।

বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। গত ২৮ ফেব্রুয়ারি যৌথভাবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের ওপর সামরিক হামলা শুরু করে। ইরানও তাৎক্ষণিক পাল্টা হামলা শুরু করে। এর জেরে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন স্থাপনা ও সামরিক ঘাঁটি লক্ষ্যবস্তু করা হয়। বন্ধ করে দেয় বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী। এরপর থেকে সংঘাত ক্রমেই তীব্র হয়েছে। অবশেষে ৮ এপ্রিল সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হয় যুক্তরাষ্ট্র ও ইরান। ১১ এপ্রিল পাকিস্তানের ইসলামাবাদে আলোচনায় বসে দুই দেশ। তবে শান্তি চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয় ওয়াশিংটন ও তেহরান।

এ প্রেক্ষাপটে চীনের ভূমিকা বিশেষ গুরুত্ব পাচ্ছে। চীন দীর্ঘদিন ধরে ‘অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার’ নীতি অনুসরণ করে আসছে। একই সঙ্গে তারা সংঘাতে জড়িত বিভিন্ন পক্ষের সঙ্গে কার্যকর কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে সক্ষম হয়েছে। ফলে বর্তমান সংকটে বেইজিং নিজেকে একটি সম্ভাব্য মধ্যস্থতাকারী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করার সুযোগ পাচ্ছে বলে বিশ্লেষকদের ধারণা।

বিশ্লেষকদের মতে, আরাগচির এই সফর শুধু দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নেই সীমাবদ্ধ থাকবে না; বরং চলমান সংঘাত নিরসনে চীনের সক্রিয় কূটনৈতিক ভূমিকার পথও আরও সুগম করতে পারে। বিশেষ করে যখন পশ্চিমা উদ্যোগগুলো কাঙ্ক্ষিত অগ্রগতি আনতে ব্যর্থ হচ্ছে, তখন বেইজিংয়ের উদ্যোগ নতুন করে আলোচনার গতি ফিরিয়ে আনতে পারে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে। এ অবস্থায় ইরান-চীন ঘনিষ্ঠতা আঞ্চলিক রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে বলেও মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। সূত্র: আল-জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights