হাম উপসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃত্যু
অনলাইন ডেস্ক
হাম উপসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ নিয়ে মৃত্যু দাঁড়ালো ২৮ জনে। মঙ্গলবার বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়, সিলেট থেকে প্রকাশিত হাম ও রুবেলা রোগীর সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মারা যাওয়া সাত মাসের শিশু ইকরাম জান্নাত নগরের কাজলশাহ এলাকার ইকবাল হোসেনের মেয়ে।
অপরজন ১০ মাস বয়সী মারওয়ান আহমদ সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার লামা ডিস্কোবারি এলাকার শাকিল আহমদের ছেলে। তারা উভয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৪ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
এর মধ্যে সবচেয়ে বেশি ৩০ জন ভর্তি হয়েছে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। এ ছাড়া এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ছয়জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ১০ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে চারজন, দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন, রাগীব-রাবেয়া মেডিকেল হাসপাতালে একজন ও বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ভর্তি হয়েছে।
বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ২৮৯ জন সন্দেহজনক হাম রোগী ভর্তি আছে। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১২৩ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৭২ জন ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২৮ জন চিকিৎসাধীন। এ ছাড়া বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বেসরকারি হাসপাতালেও রোগীরা ভর্তি রয়েছে।
স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে মঙ্গলবার পর্যন্ত সিলেট বিভাগে ১৪৭ জনের হাম ও রুবেলা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জে সবচেয়ে বেশি ৭৩ জন আক্রান্ত হয়েছে। এ ছাড়া সিলেটে ৪২ জন, হবিগঞ্জে ১৬ জন ও মৌলভীবাজারে ১৬ জন শনাক্ত হয়েছে। হবিগঞ্জের আক্রান্তদের মধ্যে দুজন রুবেলায় আক্রান্ত।
গত ২৪ ঘণ্টায় নতুন কোনো ল্যাব কনফার্ম হাম রোগী শনাক্ত হয়নি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
