যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক ‘বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ’ দ্বিপাক্ষিক সম্পর্ক : শি জিনপিং

অনলাইন ডেস্ক
চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ককে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক হিসেবে উল্লেখ করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এক বৈঠক শেষে দেওয়া বক্তব্যে তিনি বলেন, এই সম্পর্ক শুধু দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এর প্রভাব পড়ে পুরো বিশ্বের ওপর।

শি জিনপিং বলেন, প্রায় ১৭০ কোটি মানুষের এই দুই দেশের সম্পর্ক বিশ্বের ৮০০ কোটির বেশি মানুষের স্বার্থ ও কল্যাণের সঙ্গে জড়িয়ে আছে। তাই এই সম্পর্কের উন্নয়ন ও স্থিতিশীলতা বৈশ্বিক পরিস্থিতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বক্তব্যের শেষে তিনি দুই দেশের ভবিষ্যৎ উন্নয়ন ও সম্পর্কের অগ্রগতির জন্য শুভকামনা জানান এবং গ্লাস তুলে বলেন, ‘চিয়ার্স।’

এরপর বক্তব্য দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, সফরে আমি এমন এক অভ্যর্থনা পেয়েছি, যার কোনো তুলনা নেই। ট্রাম্প জানান, দিনের শুরুতেই শি জিনপিংয়ের সঙ্গে তার গঠনমূলক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার সুযোগ হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

ট্রাম্প আরও বলেন, শি জিনপিংয়ের সঙ্গে সময় কাটানো তার জন্য ‘বড় সম্মানের’ বিষয়। তিনি এই বৈঠককে অত্যন্ত মূল্যবান বলে উল্লেখ করেন।

বক্তব্যের শেষদিকে ট্রাম্প শি জিনপিং এবং তার স্ত্রী পেং লিয়ুয়ানকে যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ জানান। তিনি জানান, আগামী ২৪ সেপ্টেম্বর তাদের হোয়াইট হাউসে স্বাগত জানাতে চান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights