মেসি-রোনালদোর মতোই ষষ্ঠ বিশ্বকাপে ওচোয়া

স্পোর্টস ডেস্ক

ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ২৮ দিন বাকি। এরই মধ্যে প্রস্তুতিতে ব্যস্ত অংশগ্রহণকারী দেশগুলো। বিশ্বকাপকে ঘিরে নানা আলোচনার মাঝে এবার বিশেষভাবে নজর কাড়ছেন মেক্সিকোর অভিজ্ঞ গোলরক্ষক গিয়ের্মো ওচোয়া।

ইতিহাস গড়ার খুব কাছাকাছি দাঁড়িয়ে আছেন এই তারকা ফুটবলার। এখন পর্যন্ত পাঁচটি বিশ্বকাপে খেলেছেন লোথার ম্যাথাউস, জিয়ানলুইজি বুফোঁ, আন্তোনিও কারবাহাল, রাফায়েল মার্কেস ও আন্দ্রেস গুয়ার্দাদোর মতো কিংবদন্তিরা। একই কীর্তি রয়েছে লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো এবং গিয়ের্মো ওচোয়ারও।

তবে এবারের বিশ্বকাপে খেলতে পারলে নতুন রেকর্ড গড়বেন এই তিন তারকা। সবকিছু ঠিক থাকলে মেসি, রোনাল্দো ও ওচোয়া খেলবেন নিজেদের ষষ্ঠ বিশ্বকাপে, যা ফুটবল ইতিহাসে অনন্য এক অর্জন হয়ে থাকবে।

মঙ্গলবার জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়ে আবেগঘন প্রতিক্রিয়া জানান ওচোয়া। তিনি বলেন, জাতীয় দলের ডাকে সাড়া দেওয়ার অনুভূতি এখনও তার কাছে বিশেষ কিছু। জাতীয় সংগীত বাজলে এখনো শরীরে শিহরণ জাগে বলেও উল্লেখ করেন এই মেক্সিকান গোলরক্ষক।

এদিকে এবারের বিশ্বকাপে নতুন একটি উদ্যোগ নিয়েছে ফিফা। যেসব ফুটবলার প্রথমবার বিশ্বকাপে খেলবেন, তাদের জার্সিতে থাকবে বিশেষ ‘ডেবিউ’ প্যাচ। তরুণ তারকা লামিনে ইয়ামাল ও আর্লিং হালান্ডের জার্সিতেও দেখা যাবে এই বিশেষ চিহ্ন। প্রথম ম্যাচের পর অবশ্য সেই প্যাচ খুলে ফেলা হবে। পরে সংগ্রহযোগ্য সামগ্রী হিসেবে এগুলো বিক্রি করা হবে বলে জানা গেছে।

এ ছাড়া যেসব দেশ আগে বিশ্বকাপ জিতেছে, তাদের জার্সিতে থাকবে বিশেষ সোনালি প্যাচ। অন্য দলগুলোর জার্সিতে ব্যবহার করা হবে এবারের বিশ্বকাপের অফিসিয়াল লোগো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights