আবারও কলেজ র‍্যাংকিং প্রকাশ করবে জাতীয় বিশ্ববিদ্যালয়

অনলাইন ডেস্ক

আবারও কলেজ র‍্যাংকিং প্রকাশের উদ্যোগ নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। নির্ধারিত প্রধান কর্মদক্ষতা সূচক (কেপিআই) অনুযায়ী অধিভুক্ত সরকারি ও বেসরকারি অনার্স কলেজগুলোর পারফরম্যান্স মূল্যায়নের মাধ্যমে জাতীয় ও বিভাগীয় পর্যায়ে সেরা কলেজ নির্বাচন করা হবে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন বিভাগের পরিচালক মো. সাহাব উদ্দিন আহাম্মদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়েছে, জাতীয় পর্যায়ে আটটি সেরা কলেজ এবং বিভাগীয় পর্যায়ে প্রতিটি বিভাগ থেকে ১০টি করে মোট ৮৮টি সেরা কলেজ নির্বাচন করা হবে। এ লক্ষ্যে ‘বিশ্ববিদ্যালয় কলেজ র‍্যাংকিং ২০২৫’ কার্যক্রম শুরু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এতে আরও বলা হয়, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ের কেপিআই–সংক্রান্ত তথ্য আগামী ১৮ জুন ২০২৬-এর মধ্যে নির্ধারিত ওয়েবসাইটে কলেজ কোড ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করে ‘কলেজ র‍্যাংকিং তথ্য ছক’ পূরণ করে জমা দিতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষদের অনুরোধ জানানো হয়েছে।

অফিস আদেশে আরও উল্লেখ করা হয়, নির্বাচিত র‍্যাংকিংপ্রাপ্ত কলেজগুলোর তালিকা গণমাধ্যমে প্রকাশের পাশাপাশি জাতীয় পর্যায়ে অনুষ্ঠানের মাধ্যমে অ্যাওয়ার্ড ও সম্মাননা দেওয়া হবে।

এর আগে সর্বশেষ ২০১৮ সালে কলেজ র‍্যাংকিং প্রকাশ করেছিল জাতীয় বিশ্ববিদ্যালয়। তখন বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনের সিনেট হলে ফলাফল ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights