কিশোরগঞ্জে পিকআপ-টমটম সংঘর্ষে গরু ব্যবসায়ী নিহত
কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জে-ভৈরব আঞ্চলিক মহাসড়কের বাজিতপুর উপজেলার পিরিজপুর এলাকায় গরুবাহী পিকআপ ও টমটমের মুখোমুখি সংঘর্ষে পিকআপের চালক মো. রাজিব মিয়া (৩৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুইজন। মঙ্গলবার (১৯ মে) বেলা সাড়ে ১২টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
নিহত রাজিব মিয়া কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের জাব্বাপাড়া গ্রামের মজলিস মিয়ার ছেলে। আহত দুজনের বাড়ি কটিয়াদী উপজেলার লোহাজুরী ইউনিয়নের রসুলপুর গ্রামে। আহতদেরকে বাজিতপুরে একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গরুবাহী একটি পিকআপ ভৈরবের দিকে যাওয়ার সময় পিরিজপুর বাজারের কাছে বিপরীত দিক থেকে আসা একটি টমটমের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা রাজিব মিয়া গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। দুর্ঘটনায় আহত হয়েছেন দুইজন। এদিকে পিকআপে থাকা পাঁচটি গরুর মধ্যে চারটি গরু গুরুতর আহত হলে গরুগুলো তাৎক্ষণিক জবাই করা হয়।
কটিয়াদি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
