ভালুকায় কৃষিজমি দূষণের অভিযোগে ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ মিছিল

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকা উপজেলার ভরাডোবা ইউনিয়নে এক্সপিরিয়েন্স টেক্সটাইল মিলের বিরুদ্ধে কৃষিজমি ও পরিবেশ দূষণের দায়ে ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা।

মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের সামনে ভালুকা-গফরগাঁও সড়কে ভুক্তভোগী কৃষক, এলাকাবাসী ও সচেতন নাগরিকদের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এক্সপিরিয়েন্স টেক্সটাইল মিলের শিল্পবর্জ্য ও দূষিত পানি আশপাশের কৃষিজমিতে ছড়িয়ে পড়ায় প্রায় ৩৩৫ একর জমির ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে কৃষকরা আর্থিক ক্ষতির মুখে পড়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্যও নষ্ট হচ্ছে।

তারা জানান, প্রশাসনিক তদন্তে প্রায় ৩৩ কোটি ২৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি নির্ধারণ করা হলেও এখন পর্যন্ত ক্ষতিগ্রস্তদের কোনো ক্ষতিপূরণ দেওয়া হয়নি।

এ সময় বক্তারা দ্রুত ক্ষতিপূরণ প্রদান, অবৈধ ড্রেনেজ লাইন স্থায়ীভাবে বন্ধ এবং ভবিষ্যতে দূষণ রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

এতে বক্তব্য রাখেন নুরুল ইসলাম ফকির, শামসুদ্দিন শেখ, শাহাদাত হোসাইন মানিক মেম্বার, আল মামুন সরকার, মনিরুজ্জামান তালুকদার, মোহাইমিনুল তালুকদার, আবুল বাশার মণ্ডল, নুরুজ্জামান কবির ও ইঞ্জিনিয়ার রুহুল আমিন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights