শি জিনপিংকে ‘প্রিয় বন্ধু’ বলে সম্বোধন পুতিনের

অনলাইন ডেস্ক

চীনের রাজধানী বেইজিংয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে শি জিনপিংকে আবারও ‘প্রিয় বন্ধু’ বলে সম্বোধন করেন পুতিন। একই সঙ্গে তিনি দাবি করেন, রাশিয়া-চীন সম্পর্ক এখন অভূতপূর্ব উচ্চতায় পৌঁছেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর চীন সফর শেষ হওয়ার পরপরই বেইজিং সফরে যান পুতিন। মঙ্গলবার গভীর রাতে তাকে বহনকারী বিমান বেইজিংয়ে পৌঁছালে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনারের মাধ্যমে স্বাগত জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

চলতি বছরে এটিই পুতিনের প্রথম বিদেশ সফর। বুধবার সকালে শি চিনপিংয়ের সঙ্গে সংক্ষিপ্ত দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন তিনি। বৈঠকে পুতিন বলেন, দীর্ঘদিন ধরেই তিনি এই সাক্ষাতের অপেক্ষায় ছিলেন। জবাবে শি বলেন, উন্নয়ন ও পুনরুজ্জীবনের পথে দুই দেশের উচিত একে অপরকে সহযোগিতা করা। জ্বালানি খাতে সহযোগিতার বিষয়টিও গুরুত্ব পায় বৈঠকে।

পুতিন জানান, চীনের জন্য রাশিয়া নির্ভরযোগ্য জ্বালানি অংশীদার হিসেবেই থাকবে। পশ্চিমা নিষেধাজ্ঞার পর দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক, বিশেষ করে জ্বালানি খাত, আরও ঘনিষ্ঠ হয়েছে। বর্তমানে চীন রাশিয়া থেকে বিপুল পরিমাণ তেল আমদানি করছে।পাশাপাশি ‘পাওয়ার অব সাইবেরিয়া-২’ গ্যাস পাইপলাইনের কাজও শেষ পর্যায়ে রয়েছে বলে জানা গেছে।

এই পাইপলাইনের মাধ্যমে বছরে প্রায় ৫০ বিলিয়ন ঘনমিটার গ্যাস চীনে সরবরাহ করা সম্ভব হবে। এর ফলে চীনের জ্বালানি নিরাপত্তা আরও শক্তিশালী হবে, বিশেষ করে হরমুজ প্রণালি ঘিরে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে।

দুই দিনের এই সফরে শি জিনপিংয়ের সঙ্গে একান্ত বৈঠকের পাশাপাশি দুই দেশের প্রতিনিধিদলের অংশগ্রহণে বিস্তৃত আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে একাধিক কৌশলগত নথিতে স্বাক্ষরের সম্ভাবনার কথাও জানানো হয়েছে। এছাড়া যৌথ বিবৃতি প্রকাশের প্রস্তুতিও চলছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

সফরের অংশ হিসেবে পুতিন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং-এর সঙ্গেও বৈঠক করবেন। রয়েছে ফটো প্রদর্শনী পরিদর্শন, সংবর্ধনা অনুষ্ঠান এবং অনানুষ্ঠানিক চা-আড্ডার কর্মসূচিও।

বৈঠকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতিও গুরুত্ব পেয়েছে। চীন এখন পর্যন্ত ইউক্রেন যুদ্ধ নিয়ে নিরপেক্ষ অবস্থান বজায় রাখলেও পশ্চিমা নিষেধাজ্ঞার সমালোচনা করে আসছে এবং আলোচনার মাধ্যমে সমাধানের পক্ষে মত দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights