পরিবেশবান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডার দিচ্ছে রাসিক

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটনের উদ্যোগে ঈদুল আজহা উপলক্ষে কোরবানির মাংস স্বাস্থ্যসম্মতভাবে সংরক্ষণ এবং কোরবানি-পরবর্তী বর্জ্য দ্রুত অপসারণ নিশ্চিত করতে রাজশাহী মহানগরবাসীর মাঝে বিনামূল্যে প্লাস্টিকমুক্ত পরিবেশবান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ২টায় নগরীর দরগাপাড়া এলাকায় ৯ নম্বর ওয়ার্ডে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। এ সময় তিনি কয়েকজনের হাতে পরিবেশবান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডার তুলে দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর দরগাপাড়া এলাকায় তিনি বাড়ি বাড়ি গিয়ে নাগরিকদের মাঝে ব্যাগ ও ব্লিচিং পাউডার বিতরণ করেন।

এই বিশেষ উদ্যোগের আওতায় রাজশাহী মহানগরীর ৮২ হাজার হোল্ডিংয়ের প্রতিটি মুসলিম পরিবারকে কোরবানির মাংস স্বাস্থ্যসম্মতভাবে সংরক্ষণে ৩টি করে পরিবেশবান্ধব ব্যাগ, গরু বা মহিষ কোরবানিদাতাদের জন্য বড় ২টি পরিবেশবান্ধব ব্যাগ ও ১ কেজি ব্লিচিং পাউডার এবং ছাগল বা ভেড়া কোরবানিদাতাদের জন্য ১টি পরিবেশবান্ধব ব্যাগ ও ৫০০ গ্রাম ব্লিচিং পাউডার প্রদান করা হচ্ছে।

উদ্বোধনকালে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রতিটি মুসলিম পরিবারকে ৩টি করে পরিবেশবান্ধব ব্যাগ প্রদান করা হচ্ছে যাতে কোরবানির মাংস স্বাস্থ্যসম্মতভাবে সংরক্ষণ করা যাবে। পাশাপাশি, গরু বা মহিষ কোরবানিদাতাদের জন্য ২টি বড় পরিবেশবান্ধব ব্যাগ ও ১ কেজি ব্লিচিং পাউডার এবং ছাগল বা ভেড়া কোরবানিদাতাদের জন্য ১টি পরিবেশবান্ধব ব্যাগ ও ৫০০ গ্রাম ব্লিচিং পাউডার প্রদান করা হবে। পরিবেশবান্ধব এসব ব্যাগ পচনশীল, যা মাটির সঙ্গে মিশে যাবে। ভবিষ্যতে রাজশাহীকে পলিথিনমুক্ত নগরী হিসেবে গড়ে তোলার পরিকল্পনা আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights