স্বল্পমূল্যে বিশ্বকাপ সম্প্রচার স্বত্ব পেল ভারত

অনলাইন ডেস্ক

দুয়ারে কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ। আগামী মাসে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে যৌথভাবে অনুষ্ঠিত এ টুর্নামেন্ট ঘিরে বিশ্বেজুড়ে উন্মাদনা শুরু হয়েছে।

দল ঘোষণা, ফুটবলারদের পারফরম্যান্স, প্রস্তুতিসহ টুর্নামেন্টের যাবতীয় খবরে নজর রাখছেন বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ক্রীড়াপ্রেমীরা।

এমন উন্মাদনার মধ্যেও বেশ কয়েক দিন ধরে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশগুলোর একটি ভারত বিশ্বকাপের আনুষ্ঠানিক সম্প্রচার নিয়ে ধোয়াশা বিরাজ করছিল। নানা অনিশ্চয়তার পর অবশেষে ফিফার কাছ থেকে বড় অঙ্কের ছাড়ে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব নিশ্চিত করেছে দেশটি।

আগামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে এর ঘোষণা হওয়ার কথা রয়েছে। ভারতের বেশ কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তির মূল্য ৩০ থেকে ৩৫ মিলিয়ন মার্কিন ডলারের মধ্যে রয়েছে। এতে ভারতজুড়ে স্বল্পমূল্যে খেলার দেখার সুযোগ পাচ্ছেন ক্রীড়াপ্রেমীরা। এই চুক্তির ফলে সম্ভাব্য আয়ে বড় ধাক্কা খেতে হয়েছে ফিফাকে।

বিশ্বকাপের সর্বোচ্চ এই নিয়ন্ত্রণ সংস্থা প্রাথমিকভাবে দেশটি থেকে ১০০ মিলিয়ন ডলারের স্বত্ব বিক্রির পরিকল্পনা করেছিল।

এদিকে অন্যান্য প্রধান সংস্থাগুলো সম্প্রচার স্বত্ব থেকে সরে আসায় জি এন্টারটেইনমেন্ট ভারতের ফিফা বিশ্বকাপ এবং ২০৩০-এর সম্প্রচার স্বত্বের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে প্রতিবেদনে তুলা ধরা হয়েছে। আন্তর্জাতিক মঞ্চে ফিফার জন্য ভারতীয় বাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউরোপীয় লিগ এবং ফিফা বিশ্বকাপের বিপুল টেলিভিশন দর্শকসংখ্যার কারণে দেশটিতে ফুটবলের জনপ্রিয়তা অভাবনীয়ভাবে বেড়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিশ্বব্যাপী ফিফা কিছু এশীয় অঞ্চলের জন্য আরও নমনীয় বাণিজ্যিক কৌশল গ্রহণ করেছে। জানা গেছে, চীন পূর্ববর্তী আসরগুলোর তুলনায় প্রায় ৮০ শতাংশ ছাড়ে ২০২৬ বিশ্বকাপের স্বত্ব নিশ্চিত করেছে। ইউরোপে ফিফা বিশ্বকাপের টিভি স্বত্বের দাম সর্বোচ্চ।

এর আগে গত ১৫ মে চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম চায়না মিডিয়া গ্রুপ(সিএমজি) আনুষ্ঠানিকভাবে ২০২৬ ও ২০৩০ বিশ্বকাপ চক্রের জন্য ফিফার সঙ্গে বহুবর্ষী চুক্তি করে। এর মধ্যে ২০২৬ সালের পুরুষ বিশ্বকাপের একচেটিয়া সম্প্রচারস্বত্ব তারা পেয়েছে ৬০ মিলিয়ন ডলারে। যদিও চীনা বাজারে দুই বিশ্বকাপ মিলিয়ে ৩০০ মিলিয়ন ডলার চেয়েছিল ফিফা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights