বিশ্বকাপে তিন জয়ের টার্গেট নিগারের

ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ নারী ক্রিকেট দল নিয়মিত টি-২০ বিশ্বকাপে অংশ নিচ্ছে ২০১৪ সাল থেকে। ঘরের মাটিতে প্রথম আসরেই বাজিমাত করেছিল বাংলাদেশ। জয় পয়েছিল শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে। পরের পাঁচ টি-২০ বিশ্বকাপেও টানা অংশ নেয় নারী ক্রিকেট দল। কিন্তু ২০১৬, ২০১৮, ২০২০ ও ২০২৩ সালের চার আসরে ১৬ ম্যাচে জয়ের দেখা পায়নি। অবশেষে ২০২৪ সালে শারজাহতে আসরের প্রথম ম্যাচেই স্কটল্যান্ডকে হারায় ১৬ রানে। হারিয়ে আনন্দে কেঁদে ফেলেছিলেন নারী অধিনায়ক নিগার সুলতানা। সব মিলিয়ে ২০১৪-২০২৬ গত ১০ বছরে ৬ আসরে ২৫ ম্যাচে অংশ নিয়ে বাংলাদেশের জয় মাত্র ৩টি। ১৪ জুন শুরু ১২ দলের টি-২০ বিশ্বকাপে নিগার সুলতানারা এবার স্বপ্ন দেখছেন ৩ জয়ের। গতকাল রাতে একভাগে ঢাকা ছেড়েছে নিগার বাহিনী। দ্বিতীয় ভাগ আজ ঢাকা ছাড়বে। সর্বশেষ তিনটি সিরিজে নিগার বাহিনীর পারফরম্যান্স ভালো নয়। হেরেছে। তার পরও টি-২০ বিশ্বকাপ ঘিরে নতুন স্বপ্ন। গ্রুপ পর্বের ৫ ম্যাচের ৩টিতে জিতে ইতিহাস লিখতে চান নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা, ‘গত টি-২০ বিশ্বকাপে দুবাইয়ে একটি ম্যাচ জিতেছিলাম আমরা। ভালো কিছু ম্যাচ খেলেছিলাম। কিন্তু জিততে পারিনি। এবার আরও বেশি সম্ভাবনা আছে জয়ের সংখ্যা বাড়িয়ে তোলার। কারণ, টি-২০ ক্রিকেট দলে এখন অনেক পারফরমার। আগে এ-দুজনের ওপরই নির্ভর করতে হতো। এখন কিছু ক্রিকেটার এগিয়ে আসছে। ক্রিকেটারদের ভিতর সেই ক্ষুধাটা আছে, বিশ্বকাপের মতো মঞ্চে আমরা শুধু ভালো খেলতে নয়, ম্যাচও জিততে চাই।’ নিগারদের টার্গেট এবার নেদারল্যান্ডস, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা।

নারী টি-২০ বিশ্বকাপ শুরু হয়েছে ২০০৯ সালে। এবারের আসর ১১তম। বাংলাদেশ এবার খেলবে ‘এ’ গ্রপে। নিগারদের গ্রুপের অপরাপর দলগুলো অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস। নারী অধিনায়ক নিগার সুলতানানিগারদের প্রথম ম্যাচ ১৪ জুন, বার্মিংহামে নেদারল্যান্ডসের বিপক্ষে। ১৭ জুন লিডসে অস্ট্রেলিয়া, ২০ জুন সাউদাম্পটনে পাকিস্তান, ২৫ জুন ম্যানচেস্টারে ভারত এবং ২৮ জুন লর্ডসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে নিগার বাহিনী। সর্বশেষ সিরিজগুলোতে পারফরম্যান্স ভালো নয়। তার পরও নারী ক্রিকেটাররা মুখিয়ে আছেন টি-২০ বিশ্বকাপ খেলতে। ইংল্যান্ডের কঠিন কন্ডিশনে ভালো ক্রিকেট খেলে নতুন ইতিহাস লিখতে চান অধিনায়ক নিগার, ‘অনেকদিন ধরে আমরা জয়শূন্য। এই টানা জিততে না পারাকে চাপ হিসেবে দেখছি না। বরং ইতিহাস বদলে দেওয়ার একটি চ্যালেঞ্জ হিসেবেই নিচ্ছি।’ ‘বি’ গ্রুপে খেলবে নিউজিল্যান্ড, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড। তিন ম্যাচের জয়ের স্বপ্ন দেখা নারী দলের অধিনায়ক নিগার দলের প্রস্তুতি নিয়ে সন্তুষ্টির কথা বলেন, ‘আমাদের দলে এখন বোলিং ইউনিটে ভালো গভীরতা তৈরি হয়েছে। সবচেয়ে বড় কথা, যেসব খেলোয়াড় সুযোগ পেয়েছে, তারা নিজেদের প্রমাণ করতে পেরেছে। বিশেষ করে টি-২০ ফরম্যাটে যারা নিয়মিত পারফর্ম করছে, তাদের আত্মবিশ্বাসও এখন অনেক বেশি।’

১২ দলের টি-২০ বিশ্বকাপে নিগার বাহিনী যেন ভালো করে, সেজন্য বিশ্বকাপ শুরুর আগে স্কটল্যান্ডে একটি তিন জাতির টুর্নামেন্ট খেলবে। বাংলাদেশ ছাড়া আসরের বাকি দুই দল স্বাগতিক স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস। ডাবল লিগ পদ্ধতির টুর্নামেন্টে নিগার বাহিনীর ম্যাচগুলো যথাক্রমে ৩০ মে স্কটল্যান্ড, ৩১ মে নেদারল্যান্ডস, ২ জুন স্কটল্যান্ড ও ৪ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ। এবারের টি-২০ বিশ্বকাপে অংশ নেবে ১২ দল। দুই গ্রুপে বিভক্ত হয়ে দলগুলো ৩৩ ম্যাচে অংশ নেবে। টুর্নামেন্টের ফাইনাল ৫ জুলাই, লর্ডসে। প্রথম সেমিফাইনাল ৩০ জুন এবং ২ জুলাই দ্বিতীয় সেমিফাইনাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights