অনলাইনে ভারতীয়দের হেনস্থার শিকার হেডের স্ত্রী

অনলাইন ডেস্ক

আইপিএলের লিগ পর্ব শেষ হয়েছে। প্লে-অফে জায়গা করে নিয়েছে চার দল, যার মধ্যে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দরাবাদ। তবে লিগ পর্বে দুই দলের শেষ মুখোমুখি লড়াই ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল বিরাট কোহলি ও ট্র্যাভিস হেডের মধ্যে। ম্যাচ শেষে হ্যান্ডশেকের সময় কোহলি হেডের সঙ্গে হাত না মেলানোয় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়।

এরই জেরে অনলাইনে তীব্র হেনস্থার শিকার হয়েছেন ট্র্যাভিস হেডের স্ত্রী জেসিকা হেড। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে ও তাঁর পরিবারকে লক্ষ্য করে কটূক্তি ও হুমকিমূলক মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুধু জেসিকা নন, তাঁদের পরিবার ও ঘনিষ্ঠদেরও আক্রমণের শিকার হতে হয়েছে।

অস্ট্রেলিয়ার এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জেসিকা বলেন, আগেও বড় টুর্নামেন্টের পর এমন অভিজ্ঞতার মুখে পড়েছেন তাঁরা। তার মতে, বিশ্বকাপের পরের সময়ের মতোই এবারও সোশ্যাল মিডিয়ায় ভয়াবহ আক্রমণ শুরু হয়।

তিনি আরও জানান, অতীতেও ২০২৩ সালের বিশ্বকাপ ফাইনাল, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল এবং ২০২৪ সালের বক্সিং ডে টেস্টের পর তাঁদের পরিবারকে হুমকি ও অপমানজনক পরিস্থিতির মুখে পড়তে হয়েছিল।

জেসিকা হেড মনে করেন, খেলাধুলায় আবেগ থাকলেও খেলোয়াড় ও তাঁদের পরিবারের প্রতি সম্মান বজায় রাখা জরুরি। তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের ঘটনার পর মানুষ আরও সংযত ও সহানুভূতিশীল হবে।

এদিকে ট্র্যাভিস হেড এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights