৮ ঘণ্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য পরিষ্কার করবে কেসিসি
নিজস্ব প্রতিবেদক, খুলনা
খুলনায় নগরবাসীর সুবিধার্থে ১৪০টি স্থানে পশু কোরবানির জায়গা নির্ধারণ করা হয়েছে। ড্রেনে কোনো বর্জ্য ও রক্ত না ফেলে নির্দিষ্ট স্থানে রাখতে বলা হয়েছে।
এরই মধ্যে কনজারভেন্সি বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ পরিচ্ছন্নতা কর্মীদের ঈদে ছুটি বাতিল করা হয়েছে। সিটি করপোরেশন ঈদের দিন দুপুর থেকে রাত ১০টা অর্থাৎ আট ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছে। ইতোমধ্যে সিটি করপোরেশনের পক্ষ থেকে ব্লিচিং পাউডার ও বর্জ্য রাখা বস্তা বিভিন্ন ওয়ার্ডে পৌঁছে গেছে। যত্রতত্র পশুর বর্জ্য না ফেলে সরবরাহকৃত বস্তায় রাখতে বলা হয়েছে। সেখান থেকে পরিচ্ছন্নতা কর্মীরা বর্জ্য অপসারণ করবেন। কনজারভেন্সি কর্মকর্তারা বলেন, রাত ১০টার মধ্যে সব বর্জ্য অপসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে। সে অনুযায়ী দায়িত্ব বণ্টন করা হয়েছে।
খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, পরিচ্ছন্নতা কর্মীরা কেসিসির মূল কারিগর। একটি গ্রিন ও ক্লিন শহর উপহার দিতে তিনি নগরবাসীর সহযোগিতা কামনা করেন।
