হজ: পবিত্র আরাফাতেও তীব্র গরমের পূর্বাভাস

অনলাইন ডেস্ক

পবিত্র হজের আনুষ্ঠানিকতার প্রথম দিনে (তারবিয়াহ) সৌদি আরবের মিনার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৫ ডিগ্রি সেলসিয়াস। আজ সোমবার দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র এই তথ্য নিশ্চিত করেছে। আবহাওয়া দপ্তরের প্রতিবেদন অনুযায়ী, মিনায় আজ তীব্র গরমের পাশাপাশি বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ২৬ কিলোমিটার এবং বাতাসের সর্বোচ্চ আর্দ্রতা ছিল ৩৬ শতাংশ।

এদিকে মঙ্গলবার হজের সবচেয়ে বড় ও মূল অনুসঙ্গ আরাফাতের ময়দানে অবস্থানের দিনও একই ধরনের চরম ভাবাপন্ন আবহাওয়া ও তীব্র গরম বজায় থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, হজের এই দিনগুলোতে মক্কা এবং পবিত্র স্থানগুলোতে তীব্র সূর্যালোক ও তাপপ্রবাহ অব্যাহত থাকবে।

উদ্ভূত এই পরিস্থিতিতে হাজিদের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ সতর্কতা জারি করেছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়। তীব্র তাপপ্রবাহের কারণে সৃষ্ট হিট স্ট্রোক ও পানিশূন্যতা এড়াতে আল্লাহর মেহমানদের সার্বক্ষণিক ছাতা ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। সেই সঙ্গে পর্যাপ্ত পরিমাণে পানি ও তরল খাবার গ্রহণ এবং দুপুরের তীব্র রোদে অযথা বাইরে ঘোরাঘুরি না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। হজের সার্বিক নিরাপত্তা ও হাজিদের সুবিধার্থে পবিত্র স্থানগুলোতে চিকিৎসা দল এবং বিশেষ কুলিং সিস্টেম বা পানি ছিটানোর ব্যবস্থা জোরদার রাখা হয়েছে।

সূত্র: সৌদি গেজেট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights