বিশ্বকাপের আগে মৌসুম সেরার পুরষ্কার পেলেন আলভারেজ

স্পোর্টস ডেস্ক
আতলেতিকো মাদ্রিদের হয়ে দারুণ এক মৌসুম কাটিয়ে টানা দ্বিতীয়বার ক্লাবের ‘প্লেয়ার অব দ্য সিজন’ নির্বাচিত হয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ। পুরো মৌসুম জুড়ে গোল করা ও আক্রমণভাগে সৃজনশীল ভূমিকার মাধ্যমে দলের অন্যতম ভরসায় পরিণত হয়েছেন তিনি।

২০২৫-২৬ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২০ গোল ও ৯ অ্যাসিস্ট করেছেন আলভারেজ। বিশেষ করে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে ধারাবাহিক পারফরম্যান্স তাকে দিয়েগো সিমিওনের দলের প্রধান আক্রমণভাগের নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

শুধু মাঠের পারফরম্যান্সই নয়, অল্প সময়েই সমর্থকদের কাছেও ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছেন এই আর্জেন্টাইন তারকা। লা লিগা থেকে চ্যাম্পিয়নস লিগ, সব প্রতিযোগিতাতেই আতলেতিকোর কঠিন মুহূর্তে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি।

তবে ব্যক্তিগত এই সাফল্যের মাঝেও আলভারেজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা কাটছে না। আগামী মৌসুমে তিনি আতলেতিকোতে থাকবেন কি না, তা নিয়ে ইতোমধ্যে জোর আলোচনা শুরু হয়েছে।

গত কয়েক মাস ধরে আতলেতিকো মাদ্রিদ বারবার জানিয়ে আসছিল, গ্রীষ্মকালীন দলবদলে আলভারেজকে বার্সেলোনা বা অন্য কোনো ক্লাবে যেতে দেওয়া হবে না। কিন্তু সাম্প্রতিক সময়ে গুঞ্জন উঠেছে, মাদ্রিদে পুরোপুরি সুখে নেই এই ফরোয়ার্ড। ফলে তাকে ছাড়ার বিষয়টি নিয়েও নতুন করে ভাবতে পারে ক্লাবটি।

অন্যদিকে বার্সেলোনা দীর্ঘদিন ধরেই আলভারেজকে দলে ভেড়াতে আগ্রহী। রবার্ট লেভানডোভস্কির সম্ভাব্য বিদায়ের পর কাতালান ক্লাবটি আর্জেন্টাইন তারকাকে প্রধান স্ট্রাইকার হিসেবে বিবেচনা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights