বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা যুক্তরাষ্ট্রের

অনলাইন ডেস্ক
নিজেদের মাটিতে হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।

ঘরের মাঠে বিশ্বকাপ খেলতে নামা যুক্তরাষ্ট্র এবার বড় কিছু করার স্বপ্ন দেখছে। আগের বিশ্বকাপে শেষ ষোলো পর্যন্ত যাওয়া দলটির ১৩ জন খেলোয়াড় এবারও জায়গা ধরে রেখেছেন। পাশাপাশি নতুন করে সুযোগ পেয়েছেন আরও ১৩ জন ফুটবলার।

দলের অন্যতম ভরসা ক্রিস্টিয়ান পুলিসিক, অধিনায়ক টাইলার অ্যাডামস এবং মধ্যমাঠের গুরুত্বপূর্ণ সদস্য ওয়েস্টন ম্যাককেনি আছেন ঘোষিত দলে। আক্রমণভাগে রাখা হয়েছে ফোলারিন বালোগান, রিকার্ডো পেপি ও হাজি রাইটকে।

দল ঘোষণার পর দেশটির ফুটবল দলের প্রধান কোচ মরিসিও পচেত্তিনো জানিয়েছেন, খেলোয়াড় বাছাইয়ের কঠিন সিদ্ধান্ত নিতে গিয়ে গত দুই সপ্তাহে ঠিকমতো ঘুমই হয়নি তার।

দল ঘোষণার পর পচেত্তিনো আরও বলেন, কোনো ফুটবলারকে বাদ দেওয়া সবসময়ই কষ্টের। কারণ খেলোয়াড়ি জীবনে তাকেও একই অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে। ১৯৯৪ ও ১৯৯৮ বিশ্বকাপের আগে আর্জেন্টিনার চূড়ান্ত দলে জায়গা না পাওয়ার স্মৃতিও তুলে ধরেন তিনি।

আর্জেন্টাইন এই কোচের ভাষ্য, চূড়ান্ত ২৬ জনকে বেছে নেওয়ার কাজটি ছিল অত্যন্ত কঠিন। সম্ভাব্য সব বিষয় নিয়ে ভাবতে গিয়ে গত দুই সপ্তাহে প্রতি রাতে মাত্র তিন থেকে চার ঘণ্টা ঘুমিয়েছেন বলেও জানান তিনি।

আগামী ১২ জুন লস অ্যাঞ্জেলসে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে যুক্তরাষ্ট্র। এরপর ১৯ জুন অস্ট্রেলিয়া এবং ২৫ জুন তুরস্কের মুখোমুখি হবে তারা।

যুক্তরাষ্ট্রের বিশ্বকাপের দল-

গোলরক্ষক: ক্রিস ব্র্যাডি, ম্যাট ফ্রিস, ম্যাট টার্নার।

রক্ষণভাগের খেলোয়াড়: ম্যাক্স আরফস্টেন, সের্জিনো দেস্ত, অ্যালেক্স ফ্রিম্যান, মার্ক ম্যাকেঞ্জি, টিম রিম, ক্রিস রিচার্ডস, অ্যান্টনি রবিনসন, মাইলস রবিনসন, জো স্ক্যালি, অস্টন ট্রাস্টি।

মাঝমাঠের খেলোয়াড়: টাইলার অ্যাডামস, সেবাস্টিয়ান বারহাল্টার, ওয়েস্টন ম্যাককেনি, ক্রিস্টিয়ান রোলদান, ব্রেন্ডেন অ্যারনসন, ক্রিস্টিয়ান পুলিসিক, জিও রেইনা, মালিক টিলম্যান, টিম উইয়াহ, আলেহান্দ্রো জেন্দেহাস।

আক্রমণভাগের খেলোয়াড়: ফোলারিন বালোগান, রিকার্ডো পেপি, হাজি রাইট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights