কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে শিশুর দুই হাত ক্ষতিগ্রস্ত
অনলাইন ডেস্ক
শরীয়তপুরের জাজিরার মূলনা ইউনিয়নে মরিচ ক্ষেত থেকে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে রাহাত (১০) নামে এক শিশুর দুই হাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার সেনেরচর ইউনিয়নের চরধুপুরীয়া চরকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
আহত রাহাত ঘটনাস্থল লাগোয়া মুলনা ইউনিয়নের মোল্লাকান্দি এলাকার সামছু মাদবরের ছেলে।
স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে বাড়ির পাশের একটি মরিচ ক্ষেতে স্কচটেপ মোড়ানো একটি বস্তু দেখতে পেয়ে সেটিকে খেলনা ভেবে খোলার চেষ্টা করে সে। একপর্যায়ে ককটেলটি বিস্ফোরিত হলে রাহাতের দুই হাতের কব্জি পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়। পরে স্থানীয় ও স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়ে দেয় কর্তব্যরত চিকিৎসক।
বিষয়টি নিশ্চিত করে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মেদ বলেন, এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
