সুইজারল্যান্ডে ট্রেন স্টেশনে ছুরিকাঘাতে আহত ৩, সন্দেহভাজন গ্রেফতার

অনলাইন ডেস্ক

ছুরিকাঘাতের ঘটনায় সুইজারল্যান্ডের উইন্টারথার ট্রেন স্টেশনে অন্তত তিনজন আহত হয়েছেন। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩১ বছর বয়সী এক সুইস নাগরিককে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক তদন্তের পর এই হামলাকে ‘সন্ত্রাসবাদী হামলা’ হিসেবে আখ্যা দিয়েছে সুইস প্রশাসন। এ তথ্য উঠে এসেছে বিবিসির এক প্রতিবেদনে।

সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গাই পারমেলিন সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তীব্র ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে বলেন, ‘উইন্টারথারে আজ সকালের এই সন্ত্রাসী হামলায় আমি স্তম্ভিত। এই ঘটনা আমাকে গভীরভাবে মর্মাহত করেছে।’

জুরিখ্যান্টনের নিরাপত্তাবিষয়ক পরিচালক মারিও ফেহর এবং জুরিখ পুলিশ প্রধান মারিয়াস ওয়েইরম্যান এক যৌথ সংবাদ সম্মেলনে জানান, হামলাকারী ওই এলাকারই বাসিন্দা। ২০১৫ সাল থেকেই উগ্রপন্থী গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) প্রোপাগান্ডা ছড়ানোর কারণে সে পুলিশের নজরদারিতে ছিল। ঘটনাস্থলের আলামত থেকে এটি স্পষ্ট যে, হামলার পেছনে চরমপন্থী ও কট্টরপন্থী মতাদর্শ কাজ করেছে।

পুলিশ আরো জানায়, হামলার কয়েক দিন আগে ওই ব্যক্তি নিজেই থানায় গিয়ে অসংলগ্ন কথাবার্তা বললে তাকে একটি মানসিক হাসপাতালে পাঠানো হয়েছিল। তবে বুধবার চিকিৎসকরা তাকে ‘ঝুঁকিমুক্ত’ বলে ছাড়পত্র দিলে সে হাসপাতাল ত্যাগ করেন।

স্টেশনসংলগ্ন একটি কার্যালয়ে কর্মরত এক প্রত্যক্ষদর্শী স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে হামলাকারী ব্যক্তিটি চিৎকার করে এবং আকস্মিকভাবে মানুষের ওপর ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়ে। সে সময় স্টেশনে থাকা একদল শিশু শিক্ষার্থীকে বাঁচাতে তাদের শিক্ষককে ঢাল হিসেবে সামনে দাঁড়িয়ে পড়তে দেখা যায়। অন্য এক ট্যাক্সিচালক জানান, আন্ডারপাসের ভেতর ওই ব্যক্তি উন্মত্তের মতো ছুরি হাতে ঘুরছিলেন এবং সামনে যাকে পাচ্ছিলেন তাকেই আঘাত করছিলেন। হামলায় আহত ৩ জনই সুইজারল্যান্ডের নাগরিক বলে জানিয়েছে পুলিশ। সূত্র: রয়টার্স, আল-জাজিরা, বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights