ড্রোন বিধ্বস্তের ঘটনায় রুশ রাষ্ট্রদূতকে তলব করলো রোমানিয়া

অনলাইন ডেস্ক
ইউক্রেন সীমান্তের কাছে ড্রোন বিধ্বস্ত হয়ে দুইজন আহত হওয়ার ঘটনায় রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করেছে রোমানিয়া। একই সঙ্গে ঘটনাটিকে ‘অত্যন্ত গুরুতর’ বলে অভিহিত করেছে বুখারেস্ট।

ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, রোমানিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওআনা সিলভিয়া তোইউ শুক্রবার এক্সে দেওয়া পোস্টে বলেন, ‘রাশিয়ান ফেডারেশনের এ ধরণের দায়িত্বজ্ঞানহীন আচরণের ফলে দু’দেশের কূটনৈতিক সম্পর্কে কী ধরনের প্রভাব পড়বে, তা আনুষ্ঠানিকভাবে জানাব।’

তিনি আরও বলেন, ‘একই সঙ্গে ইউরোপীয় পর্যায়ে নিষেধাজ্ঞা প্যাকেজ নিয়ে পরবর্তী পদক্ষেপ সম্পর্কেও জানানো হবে।’

রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ২৮ থেকে ২৯ মে রাতের মধ্যে রুশ বাহিনী রোমানিয়ার সীমান্তবর্তী ইউক্রেনের বেসামরিক ও অবকাঠামোগত লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালায়। এ সময় একটি ড্রোন রোমানিয়ার আকাশসীমায় প্রবেশ করে।

মন্ত্রণালয়ের তথ্যমতে, ড্রোনটি রাডারে শনাক্ত হওয়ার পর গালাতি শহরের দক্ষিণাঞ্চল পর্যন্ত অগ্রসর হয় এবং পরে একটি আবাসিক ভবনের ছাদে আঘাত হেনে বিস্ফোরিত হয়, এতে আগুন ধরে যায়।

জরুরি সেবা বিভাগ জানিয়েছে, এ ঘটনায় দুইজন আহত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights