চ্যাম্পিয়নস লিগ ফাইনালে আজ আর্সেনাল-পিএসজি মহারণ
স্পোর্টস ডেস্ক
ক্লাব ফুটবলের ব্যস্ত মৌসুম শেষে অনেক খেলোয়াড় এখন জাতীয় দলের প্রস্তুতি বা বিশ্বকাপ নিয়ে ব্যস্ত। তবে ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর খেলোয়াড়দের চোখ এখন চ্যাম্পিয়নস লিগের ফাইনালে। মৌসুমের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই লড়াইয়ে আজ রাত ১০টায় মুখোমুখি হবে পিএসজি ও আর্সেনাল।
একদিকে পিএসজি নিজেদের ইতিহাসে টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামছে, অন্যদিকে ২০ বছর পর ফাইনালে ফেরা আর্সেনাল চাইছে ক্লাব ইতিহাসে প্রথম চ্যাম্পিয়নস লিগ ট্রফির স্বাদ নিতে।
দীর্ঘদিন ধরে ইউরোপীয় সাফল্যের জন্য লড়াই করে এসেছে পিএসজি। নেইমার, কিলিয়ান এমবাপ্পে ও লিওনেল মেসির মতো তারকাদের নিয়েও বহু চেষ্টা করেও তারা কাঙ্ক্ষিত সাফল্য পায়নি। তবে সেই যুগ শেষ হওয়ার পর স্প্যানিশ কোচ লুইস এনরিকের অধীনে দলটি নতুন রূপে ফিরে আসে এবং গত মৌসুমে নিজেদের প্রথম চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতে।
এরপর আরও শক্তিশালী হয়ে ওঠা পিএসজি এবার টানা দ্বিতীয়বার ফাইনালে উঠেছে। আজ আর্সেনালকে হারাতে পারলে রিয়াল মাদ্রিদের পর দ্বিতীয় ক্লাব হিসেবে টানা দুই শিরোপা জয়ের ইতিহাস গড়বে তারা।
গত মৌসুমে সেমিফাইনালে এই দুই দলই মুখোমুখি হয়েছিল। প্রথম লেগে আর্সেনাল ১-০ গোলে হারলেও দ্বিতীয় লেগে ২-১ ব্যবধানে জেতে পিএসজি। তবে সেই ম্যাচে পরিসংখ্যানে এগিয়ে ছিল আর্সেনালই। এবার অবশ্য পরিস্থিতি অনেকটাই বদলে গেছে, কারণ আর্সেনাল এখন আরও পরিণত ও শক্তিশালী দল হিসেবে আত্মপ্রকাশ করেছে।
প্রিমিয়ার লিগে ২২ বছর পর শিরোপা পুনরুদ্ধারের পর আর্সেনাল এখন আত্মবিশ্বাসে ভরপুর। নতুন মৌসুমে দলে এসেছে বড় পরিবর্তন। রক্ষণভাগে এখনো মূল ভরসা উইলিয়াম সালিবা। মাঝমাঠে ডেক্লান রাইস, মার্টিন জুবিমেন্দি ও মার্টিন ওডেগার্ডের মতো খেলোয়াড়রা নিয়ন্ত্রণ দিচ্ছেন। আক্রমণে যোগ হয়েছেন কাই হাভার্টজ ও ভিক্টর ইয়োকেরেসের মতো ফরোয়ার্ডরা। উইংয়ে আছেন ননি মাদুয়েকে এবং সৃষ্টিশীল ভূমিকায় আছেন এবেরেচি এজে। পাশাপাশি বুকায়ো সাকা তো আছেনই দলের মূল ভরসা হিসেবে।
পিএসজির আক্রমণভাগে মূল ভরসা উসমান দেম্বেলে ও খিচা কাভারাস্কেইয়া। সেমিফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে তারা দুজনই জোড়া গোল করেন। এই জুটি যদি ফাইনালে জ্বলে ওঠে, তবে পিএসজির শিরোপা ধরে রাখার পথ অনেকটাই সহজ হয়ে যাবে।
ম্যাচের আগে পিএসজি কোচ লুইস এনরিকে বলেন, দুই দল একেবারে বিপরীত নয়; বরং আর্সেনাল কোচ আরতেতার চিন্তা ও মানসিকতারই প্রতিফলন। অন্যদিকে আর্সেনাল ফরোয়ার্ড কাই হাভার্টজ বলেন, ‘আমরা আন্ডারডগ কি না, সেটা গুরুত্বপূর্ণ নয়। আমরা মাঠে নেমে জয়ের জন্যই খেলব।’
