বগুড়া চেম্বার নির্বাচনে মনোনয়ন জমা দিলেন ৪৪ প্রার্থী

বিশেষ প্রতিনিধি, বগুড়া

বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচনে তিনটি পদে মোট ৪৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (১ জুন) মনোনয়নপত্র জমার শেষ দিনে সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচন কমিশনের কাছে তাদের মনোনয়নপত্র দাখিল করেন।

প্রধান নির্বাচন কমিশনার ও বগুড়ার অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মোছা. আছিয়া খাতুনের কাছে পৃথকভাবে মনোনয়নপত্র জমা দেন সাধারণ ব্যবসায়ী ঐক্য পরিষদের সেলিম-এরশাদ পরিষদ, বাদল-হিরু প্যানেল এবং লালু-শিপন প্যানেলের প্রার্থীরা। এছাড়া পরিচালক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোহাম্মদ মানিক সরকার ও এমদাদ আহমেদ।

এ সময় নির্বাচন কমিশনের সদস্য বগুড়া জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আতাউর রহমান এবং বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা উপস্থিত ছিলেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আগামী ৫ জুলাই বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে তিনটি প্যানেল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ৪৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে সভাপতি পদে ৪ জন, সহ-সভাপতি পদে ৮ জন এবং পরিচালক পদে ৩২ জন প্রার্থী রয়েছেন। মোট ভোটার সংখ্যা ১ হাজার ৭৭ জন।

নির্বাচনের তফসিল অনুযায়ী, আগামী ৩ জুন মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে। ১৪ জুন প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ১৫ জুন প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ৫ জুলাই সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে প্রার্থী ও ভোটারদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। প্রার্থীরা নিজ নিজ অবস্থান থেকে ভোটারদের কাছে পৌঁছাতে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights