উলিপুরে বজ্রপাতে কিশোর নিহত, আহত আরেকজন

কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুরে বজ্রপাতে রানা মিয়া (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এসময় লাবন্য মিয়া (১২) নামে অপর এক কিশোর আহত হয়েছেন।

মঙ্গলবার (২ জুন) দুপুর আড়াইটার দিকে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের পশ্চিম আঠারপাইকা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রানা ওই গ্রামের আফজাল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে উলিপুর উপজেলার পশ্চিম আঠারপাইকা গ্রামের জাহিদুল হকের ছেলে লাবন্য মিয়া ও আফজাল মিয়ার ছেলে রানা মিয়া বাড়ির পাশের একটি জমিতে খেলছিল। এ সময় আকস্মিকভাবে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টিসহ বজ্রপাত হলে তারা দুইজনই গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়ার পথে রানা মিয়ার মৃত্যু হয়।

নিহত রানা মিয়ার চাচাতো ভাই রাজু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরে তারা বাড়ির পাশের জমিতে খেলছিল। এ সময় বজ্রপাতে দুইজন আহত হয়। পরে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়ার পথে রানা মারা যায়। লাবন্য বর্তমানে কিছুটা সুস্থ আছে। হতাহতরা দুজন সম্প‌র্কে চাচা-ভা‌তিজা।

উলিপুর থানার ওসি সাঈদ ইবনে সিদ্দীক বলেন,বিষয়টি আমরা পরে জেনেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights