ফ্লোরিডায় ইংল্যান্ড দল, শুরু হলো টুখেলের বিশ্বকাপ মিশন

অনলাইন ডেস্ক

আগামী ১৭ জুন ডালাসে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ইংল্যান্ডের বিশ্বকাপ অভিযান। তার আগে যুক্তরাষ্ট্রের গরম আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে আজ ফ্লোরিডায় পৌঁছেছে থমাস টুখেলের দল।

বিশ্বকাপের জন্য ঘোষিত ২৬ সদস্যের স্কোয়াডের মধ্যে ২১ জন খেলোয়াড় ইতিমধ্যেই ওয়েস্ট পাম বিচে দলের প্রাক-টুর্নামেন্ট অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন। প্রিমিয়ার লিগ মৌসুম শেষ হওয়ার পর অনেকেই যুক্তরাষ্ট্র এবং ক্যারিবিয়ান অঞ্চলে ছুটিতে ছিলেন। কোচ টুখেল খেলোয়াড়দের স্পষ্ট নির্দেশনা দিয়েছিলেন- যুক্তরাষ্ট্রের উচ্চ তাপমাত্রা এবং ভিন্ন টাইম জোনের সঙ্গে যেন তারা যত দ্রুত সম্ভব মানিয়ে নেন।

গত শনিবারের চ্যাম্পিয়নস লিগ ফাইনালে অংশ নেওয়া আর্সেনালের চার তারকা ফুটবলার- বুকায়ো সাকা, ডেকলান রাইস, নোনি মাদুয়েকে এবং এবারেচি এজে এখনই দলের সঙ্গে যোগ দিচ্ছেন না। ফাইনালে খেলার ধকল কাটিয়ে ওঠার জন্য তাদের বাড়তি কয়েক দিনের ছুটি দিয়েছেন টুখেল।এছাড়া ক্রিস্টাল প্যালেসের হয়ে ইউরোপা কনফারেনস লিগ জেতা গোলকিপার ডিন হেন্ডারসনও একই কারণে দেরিতে যোগ দেবেন।

আগামী শনিবার ট্যাম্পায় নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের প্রথম প্রীতি ম্যাচে এই পাঁচ তারকাকে পাচ্ছেন না টুখেল। তবে এর চার দিন পর ওরলান্ডোতে কোস্টারিকার বিপক্ষে চূড়ান্ত প্রস্তুতি ম্যাচের আগে তারা সবাই দলের সঙ্গে যোগ দেবেন। খেলোয়াড়ের ঘাটতি মেটাতে এবং অনুশীলনে ভারসাম্য বজায় রাখতে মূল স্কোয়াডের বাইরে থেকে অ্যালেক্স স্কট, ইথান নওয়ানেরি, রিও এনগুমোহা, জশ কিং এবং অভিজ্ঞ গোলকিপার জেসন স্টিলকে ব্যাক-আপ হিসেবে ক্যাম্পে ডেকেছেন টুখেল।

স্কাই স্পোর্টস নিউজ জানায়, দীর্ঘ ৯ ঘণ্টার ভ্রমণ শেষে মায়ামিতে পৌঁছায় ইংল্যান্ড দল। মায়ামি বিমানবন্দর থেকে ১০ মিনিট দূরত্বের একটি লাক্সারি রিসোর্টই আগামী ৯ দিন হবে থ্রি লায়ন্সদের আস্তানা। ইংল্যান্ডের ৬০ বছরের বিশ্বকাপ ট্রফির খরা কাটানোর মিশন মূলত আজ থেকেই শুরু হয়ে গেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights