পুতিনের কাছে নাগরিকত্ব চাইলেন মার্কিন সাংবাদিক

অনলাইন ডেস্ক
মার্কিন অনুসন্ধানী সাংবাদিক এবং আমেরিকান কমিউনিস্ট পার্টির (এসিপি) আন্তর্জাতিক সম্পাদক ক্রিস্টোফার হেলালি জানিয়েছেন, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে রুশ নাগরিকত্বের জন্য আবেদন করেছেন।

রাশিয়ায় অনুষ্ঠিত সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরাম (এসপিআইইএফ)-এর ফাঁকে রুশ বার্তাসংস্থা তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

হেলালি বলেন, তিনি প্রেসিডেন্ট পুতিনের উদ্দেশে চার পৃষ্ঠার একটি চিঠি লিখেছেন। ওই চিঠিতে তিনি রুশ নাগরিকত্ব পাওয়ার আগ্রহের কথা তুলে ধরেন এবং রাশিয়ার প্রতি নিজের অবদান, ডোনবাস অঞ্চলে কাজ, আন্তর্জাতিক রুশপন্থি আন্দোলনের সঙ্গে সম্পৃক্ততা এবং রুশ-মার্কিন বন্ধুত্ব জোরদারে দীর্ঘদিনের ভূমিকার কথা উল্লেখ করেন।

তিনি বলেন, “আমি রুশ নাগরিকত্ব পাওয়ার ইচ্ছা প্রকাশ করেছি। আমি রুশ ইতিহাস, সংস্কৃতি, ভাষা ও ঐতিহ্যের গুরুত্ব সবসময়ই সমর্থন করে এসেছি। এসব বিষয়ও চিঠিতে তুলে ধরেছি।”

তিনি আশা প্রকাশ করেন, আগামী কয়েক মাসের মধ্যেই এ বিষয়ে ইতিবাচক সাড়া পাবেন।

হেলালি বলেন, “রাশিয়া আমার জন্য যা কিছু করেছে, তার জন্য আমি কৃতজ্ঞ।”

সম্প্রতি তিনি একদল বিদেশি সাংবাদিকের সঙ্গে লুহানস্ক পিপলস রিপাবলিকের (এলপিআর) স্টারোবেলস্ক শহরে একটি কলেজে সংঘটিত ইউক্রেনীয় হামলার স্থান পরিদর্শন করেন।

এর আগে মার্চ মাসে তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে হেলালি জানিয়েছিলেন, তিনি একটি চুক্তিতে স্বাক্ষর করেছেন এবং বিশেষ সামরিক অভিযানের অঞ্চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। হেলালি বর্তমানে গ্লোবাল ফ্যাক্ট-চেকিং নেটওয়ার্ক (জিএফসিএন)-এর একজন বিশেষজ্ঞ হিসেবেও দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের ২৯তম আসর ৩ থেকে ৬ জুন অনুষ্ঠিত হচ্ছে। এবারের ফোরামের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- ‘বাস্তবধর্মী সংলাপ: স্থিতিশীল ভবিষ্যতের পথ’। বিশ্ব অর্থনীতির চলমান পরিবর্তনের প্রেক্ষাপটে বৈশ্বিক উন্নয়নের নতুন মডেল গড়ে তোলার বিষয়টি এবারের আয়োজনের মূল আলোচ্য। সূত্র: তাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights