বিশ্বকাপে শ্রেষ্ঠত্ব ধরে রাখতে আর্জেন্টিনার ‘গোপন’ পরিকল্পনা

অনলাইন ডেস্ক

দরজায় কড়া নাড়ছে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। আর্জেন্টিনা এরই মধ্যে দল ঘোষণা করেছে। কিন্তু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বলে আর্জেন্টিনার ওপর প্রত্যাশার চাপ যে অনেক বেশি। মার্কিন মুলুকে হতে যাওয়া বিশ্বকাপের জন্য তাই সব দিক ঠিকঠাক রেখে ‘গোপন’ পরিকল্পনা করেই এগোচ্ছে আলবিসেলেস্তেরা।

২০২২ সালে কাতার বিশ্বকাপ জিতে ৩৬ বছর পর বিশ্বকাপখরা কাটিয়েছিল আর্জেন্টিনা। সেই চ্যাম্পিয়ন দলের অধিকাংশ ফুটবলারদের নিয়ে এবার দল সাজিয়েছে আলবিসেলেস্তেরা। তবে চোট বা দুর্ঘটনা তো বলে-কয়ে আসে না। হঠাৎ করে মূল দলে থাকা ফুটবলারদের কেউ অসুস্থ হয়ে পড়েন, সে জন্য চার ফুটবলারকে রিজার্ভ দলে নেওয়া হয়েছে বলে টিওয়াইসির প্রতিবেদনে জানা গেছে। তারা হলেন এমিলিয়ানো বুয়েন্দিয়া, সান্তিয়াগো বেলত্রান, নিকোলাস কাপালদো ও ম্যাক্সিমো পেরোনে।

কানসাস সিটিতে বুয়েন্দিয়া, বেলত্রান, কাপালদো, পেরোনে মূল দলের খেলোয়াড়দের সঙ্গে অনুশীলনও করেছেন। যদি কোনো জরুরি তলব পড়ে, সে ক্ষেত্রে তাদের প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছে আর্জেন্টিনার কোচিং কর্তৃপক্ষ। এতে হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচগুলোর জন্য প্রস্তুতি নিতে পারবেন।

রিভার প্লেট গোলরক্ষক বেলত্রানকে রাখা হয়েছে এমিলিয়ানো মার্তিনেসের বিকল্পে। মার্তিনেসের এখনো আঙুলের চোট রয়েছে। আর কাপালদোর ব্যাপারটা নির্ভর করছে গনজালো মন্তিয়েল ও নাহুয়েল মলিনার শারীরিক অবস্থার ওপর। সাধারণত মন্তিয়েল ও মলিনার প্রথম শুরুর একাদশে থাকার কথা।

১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে হবে ২৩তম ফুটবল বিশ্বকাপ। আর্জেন্টিনা নামবে শিরোপা ধরে রাখার অভিযানে। ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আলবিসেলেস্তেরা বিশ্বকাপ ধরে রাখার অভিযান শুরু করবে। ২২ ও ২৮ জুন গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান। বিশ্বকাপ অভিযান শুরুর আগে হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে আকাশী-নীলরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights