তালাক দেওয়ার ক্ষোভে স্ত্রীর ওপর এসিড নিক্ষেপ সাবেক স্বামীর

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জ সদর উপজেলার বড় বহুলা গ্রামে রুবিনা আক্তার (২৫) নামে এক তালাকপ্রাপ্ত স্ত্রীর ওপর এসিড নিক্ষেপের অভিযোগ উঠেছে তার স্বামী উজ্জ্বল মিয়ার বিরুদ্ধে। বৃহস্পতিবার রাত ১০ টার দিকে এ ঘটনা ঘটে।

রুবিনা অলিপুর এলাকায় অবস্থিত একটি বেসরকারি কোম্পানিতে শ্রমিকের কাজে কর্মরত রয়েছেন।

এসিড নিক্ষেপের ঘটনায় রুবিনা আক্তারের মুখ মন্ডল ঝলসে গেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনার পর থেকে তার সাবেক স্বামী উজ্জ্বল মিয়া পলাতক রয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, একই উপজেলার আনন্দপুর গ্রামের মৃত আব্দুল বারিকের ছেলে উজ্জ্বল মিয়া (২৮) এর সঙ্গে বিয়ে হয় রুবিনার। এক পর্যায়ে তাদের মাঝে বিভিন্ন বিষয় নিয়ে মনোমালিন্য দেখা দিলে ৬ মাস পূর্বে স্বামী উজ্জলকে তালাক দেন
রুবিনা।

এদিকে, তালাক দেয়ার পর থেকে উজ্জ্বল তার প্রতি ক্ষিপ্ত ছিলেন। বিভিন্ন সময় চাকরিতে আসা-যাওয়ার পথে সে রুবিনাকে উত্ত্যক্ত করে আসছিল। বেশ কয়েকবার উজ্জ্বল তার ওপর হামলা করে বলেও অভিযোগ রয়েছে।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে রুবিনা বাড়ি আসার পথে বড় বহুলায় বাড়ির পাশে উজ্জ্বল তার মুখে এসিড নিক্ষেপ করে। এ সময় রুবিনা চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসলে উজ্জল পালিয়ে যায়।

তাৎক্ষণিক স্থানীয় তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) মো. জাহিদুল হক বলেন, বিষয়টি জানতে পেরে আমরা হাসপাতালে গিয়ে আহত ওই নারীকে দেখে এসেছি। এ বিষয়ে খোঁজ খবর নিচ্ছি। তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আমিনুল হক সরকার বলেন, এসিডে আক্রান্ত এক নারীকে হাসপাতালে ভর্তি করা হলে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানীতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights