বিশ্বকাপে গরম মোকাবিলায় প্রযুক্তির শরণাপন্ন ইংল্যান্ড

অনলাইন ডেস্ক

বিশ্বকাপে শুধু মাঠের প্রতিপক্ষের বিরুদ্ধেই নয়, খেলোয়াড়দের লড়তে হবে প্রকৃতির সঙ্গেও। কেননা এবারের বিশ্বকাপ হবে প্রচণ্ড গরমের মধ্যে। গরমের বিষয়টা মাথায় রেখেই ম্যাচের দুই অর্ধে কুলিংয়ের ব্যবস্থা রেখেছে ফিফা।

তবে তাতেও যেন ভরসা পাচ্ছে না ইংল্যান্ড। তাই বিশ্বকাপ শুরুর আগে প্রযুক্তির দ্বারস্থ হয়েছে ১৯৬৬ বিশ্বকাপজয়ীরা। গরম আবহাওয়া মোকাবেলায় উচ্চপ্রযুক্তির পাম-কুলিং ডিভাইস সঙ্গে রেখেছে।

ধারণা করা হচ্ছে, পুরো বিশ্বকাপে গরম ও আর্দ্র আবহাওয়ার মুখোমুখি পড়বেন ফুটবলাররা। বিভিন্ন গবেষণায় পাওয়া গেছে, বিশ্বকাপের এক-তৃতীয়াংশ ম্যাচ ২৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হবে। জলবায়ু গবেষণা সংস্থা ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশন (ডাব্লিউডাব্লিউএ) এবং বিজ্ঞানীদের সাম্প্রতিক গবেষণা অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বেশিরভাগ ভেন্যুতে গড় তাপমাত্রা ৩০ ডিগ্রি থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস থাকবে।

ইংল্যান্ডের গ্রুপ পর্বের সব ম্যাচই যুক্তরাষ্ট্রে। তাই বিশ্বকাপ শুরুর আগে আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার সব চেষ্টা করে যাচ্ছে। মঙ্গলবার নিজেদের প্রথম অনুশীলন তারা সেরেছে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে। সেদিন তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে।

গরম থেকে বাঁচতেই তাই পাম-কুলিং ডিভাইসের দ্বারস্থ হয়েছে তারা। এমন সিদ্ধান্তের বিষয়ে জানতে চাওয়া হয়েছিল ইংল্যান্ডের মিডফিল্ডার জর্ডান হেন্ডারসনের কাছে। তিনি জানান, প্রথম সপ্তাহটি তারা এই পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য ব্যবহার করছেন। সঙ্গে প্রস্তুতি ম্যাচে সাহায্য করবে বলে জানান তিনি। ব্রেন্টফোর্ডের মিডফিল্ডার বলেছেন, ‘দলের নেপথ্যে কাজ করা সদস্যরা কুলডাউন ও রিকভারি নিয়ে গবেষণা করেছেন। আশা করি টুর্নামেন্টে শুরুর সময় আমাদের কিছুটা বাড়তি সুবিধা দেবে।’

ধীরে ধীরে পাম-কুলিং ক্রীড়াঙ্গনে জনপ্রিয় হয়ে উঠছে। এর আগে এই প্রযুক্তির দ্বারস্থ হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। গবেষণায় পাওয়া গেছে, হাতের তালু ঠাণ্ডা করলে শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমানো যায়। এতে করে ম্যাচ চলাকালীন দ্রুত রিকভারি সম্ভব এবং খেলোয়াড়দের পারফরম্যান্স উন্নত হতে পারে।

আগামী ১৭ জুন বিশ্বকাপ অভিযান শুরু করবে ইংল্যান্ড। টেক্সাসে তাদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। ২৩ জুন ম্যাসাচুসেটসে তাদের প্রতিপক্ষ ঘানা। আর ‘এল’ গ্রুপের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ পানামা। নিউইয়র্ক/নিউ জার্সিতে ম্যাচটি হবে ২৭ জুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights