আইভরি কোস্টে হোঁচট ফ্রান্সের
ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপ শুরুর আগেই যেন বেজে উঠেছে রোমাঞ্চের দামামা। রটারড্যামে নেদারল্যান্ডসকে ১-০ গোলে হারিয়ে বড় দলগুলোকে ভয় দেখানোর যে খেলাটা শুরু করেছিল আলজেরিয়া, বৃহস্পতিবার রাতে তার রেশ কাটল না। এবার বিশ্বকাপের দুই ফেবারিট ফ্রান্স ও স্পেনকে একই বার্তা দিল আইভরি কোস্ট ও ইরাক। বিশ্বকাপে ছোট দলগুলোকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। কেননা বিশ্বমঞ্চ অঘটনের। নিজেদের মাঠে আইভরি কোস্টের কাছে ২-১ গোলে হেরে বড়সড় ধাক্কা খেয়েছে ফিফা র্যাঙ্কিংয়ের তিনে থাকা ফ্রান্স। ম্যাচের পর ফরাসি কোচ দিদিয়ে দেশম অবশ্য একে বিশ্বকাপের আগের সতর্ক সংকেত ও বাস্তবতা মনে করিয়ে দেওয়ার ম্যাচ হিসেবেই দেখছেন। পরীক্ষানিরীক্ষার এ ম্যাচে দ্বিতীয়ার্ধে একাদশে ব্যাপক পরিবর্তন আনেন তিনি। অন্যদিকে র্যাঙ্কিংয়ের দুইয়ে থাকা স্পেন ঘরের মাঠে ইরাকের সঙ্গে ১-১ গোলে ড্র করে মাঠ ছেড়েছে। ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের জন্য এ ড্র হারের চেয়ে কম কিছু নয়। তবে কোচ লুইস দে লা ফুয়েন্তে বেশ স্বস্তিতেই আছেন। লামিনে ইয়ামাল, নিকো উইলিয়ামস, রদ্রিদের মতো নিয়মিত একাদশের বড় তারকাদের বিশ্রাম দেওয়া ম্যাচে কোনো চোটে না পড়াটাই তার বড় স্বস্তি। মাঠের লড়াইয়ে র্যাঙ্কিং যে কেবলই সংখ্যা, তা প্রমাণ করে সমানে সমান লড়াইয়ের আভাস দিয়ে রাখল নিচের দিকে থাকা দলগুলো।
