পিন ১৬৮: নিহত স্কুলশিক্ষার্থীদের স্মরণ করল ইরানি ফুটবলাররা

অনলাইন ডেস্ক

মেক্সিকোর তিজুয়ানায় পৌঁছেছে বিশ্বকাপ খেলতে আসা ইরান জাতীয় ফুটবল দল। তবে তাদের এই আগমন মাঠের লড়াইয়ের চেয়েও বেশি নজর কেড়েছে এক নীরব, স্তব্ধ প্রতিবাদে। একটি প্রাথমিক বিদ্যালয়ে যুক্তরাষ্ট্রের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় নিহতদের স্মরণে বিশেষ ল্যাপেল পিন পরে বিমানের সিঁড়ি বেয়ে নামেন ইরানি খেলোয়াড়রা।

গত রবিবার তিজুয়ানায় অবতরণের পর ইরানি ফুটবলারদের জ্যাকেটে শোভা পাচ্ছিল সোনালী রঙের একটি পিন, যাতে খোদাই করা ছিল ১৬৮ সংখ্যাটি।

২৮ ফেব্রুয়ারি দক্ষিণ ইরানের মিনাব এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ে চালানো ওই হামলায় ১৬৮ জন নিরীহ মানুষ নিহত হয়, যাদের সিংহভাগই ছিল নিষ্পাপ শিশু। এই ঘটনার প্রতি বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করতেই খেলোয়াড়দের এই উদ্যোগ, যা পরবর্তীতে হাঙ্গেরিতে নিযুক্ত ইরানের দূতাবাসও সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছে।

এর আগেও গত মার্চে তুরস্কের আন্তালিয়াতে একটি প্রস্তুতি ম্যাচ শুরুর আগে জাতীয় সংগীত গাওয়ার সময় গোলাপি ও বেগুনি রঙের স্কুলের ব্যাগ উঁচিয়ে ধরে এই নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়েছিল ইরানি দল।

জাতিসংঘ এবং বিভিন্ন মানবাধিকার সংস্থা এই হামলার তীব্র নিন্দা জানালেও যুক্তরাষ্ট্র বা ইসরায়েল কেউই এখন পর্যন্ত এর দায় স্বীকার করেনি। মার্কিন সামরিক বাহিনী অবশ্য জানিয়েছে যে তারা ঘটনার তদন্ত করছে এবং বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করা তাদের নীতি নয়।

সূত্র: এপি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights