বসুন্ধরা কিংসকে ফিফা সভাপতির অভিনন্দন
অনলাইন ডেস্ক
বাংলাদেশ ফুটবল লিগের (বিএফএল) শিরোপা পুনরুদ্ধার করেছে বসুন্ধরা কিংস। সবশেষ মৌসুমে ক্লাবটি জিতে নিয়েছে ঘরোয়া ট্রেবল। লিগ শিরোপার পাশাপাশি ঘরে তুলেছে চ্যালেঞ্জ কাপ এবং ফেডারেশন কাপের ট্রফি। দেশের অন্যতম সফল ক্লাবটির এই অভাবনীয় সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম স্টোরিতে বসুন্ধরা কিংসের একটি ছবি শেয়ার করে এই অভিনন্দন বার্তা দিয়েছেন তিনি। পোস্টে ইনফান্তিনো লিখেছেন, ‘বাংলাদেশ ফুটবল লিগের ২০২৫-২৬ মৌসুমের চ্যাম্পিয়ন হওয়ায় বসুন্ধরা কিংসকে অভিনন্দন।’
বসুন্ধরা কিংসের এই সাফল্য অর্জনে বিশ্ব ফুটবলের অভিভাবকের এমন স্বীকৃতি ও অভিনন্দন বার্তা ক্লাবটির জন্য অত্যন্ত গর্বের মুহূর্ত। সেইসঙ্গে বসুন্ধরা কিংসের খেলোয়াড় ও কর্মকর্তাদের জন্য এটি এক বড় অনুপ্রেরণা হয়ে থাকবে।
উল্লেখ্য, বাংলাদেশের ঘরোয়া ফুটবলে গত কয়েক বছর ধরে একচ্ছত্র আধিপত্য ধরে রেখেছে বসুন্ধরা কিংস। এখন পর্যন্ত টানা পাঁচবারসহ ক্লাবটি লিগ শিরোপা জিতেছে মোট ৬বার। আর টানা তিনবারসহ ঘরোয়া ফুটবলের দ্বিতীয় সর্বোচ্চ ট্রফি ফেডারেশন কাপও ক্লাবটি জিতেছে পাঁচবার।
বসুন্ধরা কিংসের এই ধারাবাহিক পারফরম্যান্স কেবল মাঠের ভেতরেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও ক্লাবটিকে এক বিশেষ পরিচিতি এনে দিয়েছে। ফিফা সভাপতির এই অভিনন্দন বার্তা ক্লাবটির সাফল্যের মুকুটে নতুন এক পালক যুক্ত করল।
