নিরাপত্তাকর্মী ছুরিকাঘাতে খুন

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা উদ্যানে রবিউল ইসলাম (৩৫) নামে এক নিরাপত্তাকর্মী ছুরিকাঘাতে খুনহয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় রবিউলকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১২টায় চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

রবিউলের বোন নুরবানু অভিযোগ করে বলেন, বুধবারে রাতে মোবাইল ছিনতাইয়ের সময় রবিউল ছিনতাইকারীকে তাড়া করেন। বৃহস্পতিবার রাতে রবিউলের সঙ্গে ওই ছিনতাইকারীর আবারও দেখা হলে বলে-‘বন্ধু কেমন আছো’, এর পরই ঘাড়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। দ্রুত তাকে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। জানা গেছে, তাদের বাড়ি নীলফামারীর জলঢাকা উপজেলার বালা গ্রামে। ঢাকা উদ্যানের ২ নম্বর রোডের একটি বাসায় থাকেন। রবিউলের এক ছেলে ও এক মেয়ে আছে। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ফারুক জানান, বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights