স্পিলবার্গের ‘ডিসক্লোজার ডে’ দেখা যাচ্ছে দেশের প্রেক্ষাগৃহেও

অনলাইন ডেস্ক
বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে খ্যাতনামা নির্মাতা স্টিভেন স্পিলবার্গ পরিচালিত বিজ্ঞান কল্পকাহিনী চলচ্চিত্র ‘ডিসক্লোজার ডে’।

একইসঙ্গে বাংলাদেশের দর্শকরাও সিনেমাটি উপভোগের সুযোগ পাচ্ছেন। শুক্রবার (১২ জুন) থেকে রাজধানীর শ্তার সিনেপ্লেক্সের সব শাখায় প্রদর্শিত হচ্ছে সিনেমাটি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

দীর্ঘদিন পর স্পিলবার্গ রহস্য, বিজ্ঞান এবং ভিনগ্রহের প্রাণের অনুসন্ধানভিত্তিক গল্প নিয়ে ফিরেছেন বড় পর্দায়। ‘ডিসক্লোজার ডে’ চলচ্চিত্রে পৃথিবীতে ভিনগ্রহের প্রাণীর উপস্থিতি এবং সেই তথ্য গোপন রাখার এক বৃহৎ পরিকল্পনাকে কেন্দ্র করে কাহিনি এগিয়ে যায়।

এতে অভিনয় করেছেন এমিলি ব্লান্ট, জশ ও’কনর, কলিন ফার্থ, ইভ হিউসন এবং কোলম্যান ডোমিঙ্গো। এমিলি ব্লান্টকে দেখা যাবে এক আবহাওয়া সংবাদকর্মীর চরিত্রে, যিনি রহস্যময় কিছু ঘটনার মুখোমুখি হন। অন্যদিকে জশ ও’কনর অভিনয় করেছেন এমন এক ব্যক্তির ভূমিকায়, যার হাতে রয়েছে মানবজাতি ও ভিনগ্রহের প্রাণীদের যোগাযোগের গুরুত্বপূর্ণ প্রমাণ। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন ডেভিড কোয়েপ। এর আগে তিনি স্পিলবার্গের সঙ্গে ‘জুরাসিক পার্ক’, ‘ওয়ার অব দ্য ওয়ার্ল্ডস’সহ একাধিক আলোচিত সিনেমায় কাজ করেছেন।

উল্লেখ্য, অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে স্পিলবার্গের নির্মিত চলচ্চিত্রগুলো বিশ্বব্যাপী বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছে। তিনবারের অস্কারজয়ী এই নির্মাতার নতুন কোনো সিনেমা মুক্তির ঘোষণা এলেই তা ঘিরে দর্শকদের মধ্যে তৈরি হয় বাড়তি আগ্রহ। ‘ডিসক্লোজার ডে’ নিয়েও সেই প্রত্যাশার ব্যতিক্রম হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights