ব্রাজিলের বিপক্ষে গোল করে ভাগ্য খুলল মরক্কোর স্ট্রাইকারের
স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপের মেগা মঞ্চে ব্রাজিলের বিপক্ষে করা সেই দুর্দান্ত গোলটি যেন সৌভাগ্যের জাদুরকাঠি হয়ে এলো ইসমাইল সাইবারির জন্য। আন্তর্জাতিক ফুটবলের সবচেয়ে বড় আসরে নজরকাড়া পারফরম্যান্সের পরপরই ক্যারিয়ারের সবচেয়ে বড় লাফটি দিতে যাচ্ছেন এই মরোক্কান স্ট্রাইকার।
ডাচ ক্লাব পিএসভি আইন্দহোভেন ছেড়ে ২৫ বছর বয়সী এই তারকা এবার যোগ দিচ্ছেন ফুটবল বিশ্বের অন্যতম সেরা ক্লাব, জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখে। ইউরোপীয় ফুটবল দলবদলের বাজারের সবচেয়ে নির্ভরযোগ্য নাম, প্রখ্যাত সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো ইতোমধ্যেই এই চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
চলতি বিশ্বকাপের মাঝেই সম্পন্ন হতে যাচ্ছে এই হাই-প্রোফাইল দলবদল। মরোক্কান এই সেনসেশনকে নিজেদের ডেরায় ভেড়াতে বায়ার্ন মিউনিখকে গুনতে হচ্ছে মোটা অঙ্কের ৫৫ মিলিয়ন ইউরো। বর্তমানে বিশ্বকাপ চলায় যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন সাইবারি, আর সেখানেই তার প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা (মেডিকেল টেস্ট) সম্পন্ন করা হবে। বায়ার্নের প্রধান চিকিৎসক ইয়োখেন হানে বর্তমানে জার্মান জাতীয় দলের হয়ে বিশ্বকাপ মিশনে যুক্তরাষ্ট্রেই রয়েছেন। ফলে সেখানেই মেডিকেলের আনুষ্ঠানিকতা সেরে বায়ার্নের খেলোয়াড় হিসেবে সাইবারির নাম ঘোষণা করা বেশ সহজ হবে বলে ধারণা করা হচ্ছে।
ইসমাইল সাইবারির এই উত্থান অবশ্য হুট করে নয়। গত মৌসুমে ডাচ লিগের (এরেডিভিজি) সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন তিনি। পিএসভি আইন্দহোভেনের হয়ে টানা তিনবার লিগ শিরোপা জেতার রেকর্ড রয়েছে তার ঝুলিতে। গত তিন মৌসুমে ক্লাবটির হয়ে মাঠ কাঁপিয়ে ৪২টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ২৯টি গোল। অন্যদিকে, চলতি বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার আগে মরক্কো জাতীয় দলের জার্সিতে ২৯ ম্যাচ খেলে তার গোলসংখ্যা ছিল ৯টি।
২৫ বছর বয়সী এই প্রতিভাবান ফুটবলারের বেড়ে ওঠা বেলজিয়ামে। ফুটবলের প্রাথমিক দীক্ষা নেন দেশটির শীর্ষ দুই ক্লাব আন্ডারলেখট এবং জেঙ্কের বয়সভিত্তিক দলে। এরপর ক্যারিয়ারের নতুন মোড় হিসেবে নেদারল্যান্ডসের ক্লাব পিএসভি আইন্দহোভেনের ‘বি’ দলে যোগ দেন তিনি। সেখানে নিজের জাত চিনিয়ে দ্রুতই জায়গা করে নেন মূল দলে এবং পরবর্তীতে মরক্কো জাতীয় দলেও নিজের অপরিহার্য যোগ্যতা প্রমাণ করেন।
উল্লেখ্য, চলতি বিশ্বকাপে ‘সি’ গ্রুপে বর্তমানে ১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে সাইবারির মরক্কো। নিজেদের পরবর্তী ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে তারা। বাংলাদেশ সময় আগামী শনিবার ভোর ৪টায় শুরু হবে ম্যাচটি। এরপর ২৫ জুন (বৃহস্পতিবার) একই সময়ে হাইতির বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্বের অভিযান শেষ করবে মরক্কো। আর তার আগেই বায়ার্ন মিউনিখের মতো ক্লাবের সঙ্গে চুক্তি সম্পন্ন হওয়া নিশ্চিতভাবেই সাইবারি ও মরক্কো শিবিরের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দেবে।
