আইসিসির সিদ্ধান্তে কেন এত ক্ষুব্ধ পাকিস্তানের সাবেক তারকা

অনলাইন ডেস্ক
ভারত পাকিস্তান ম্যাচ ঘিরে তৈরি হওয়া অচলাবস্থা এবং বাংলাদেশ বিশ্বকাপ থেকে বাদ পড়ার ঘটনায় সরাসরি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসিকে দায়ী করেছেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। তার মতে, পুরো পরিস্থিতি সামলাতে ব্যর্থ হয়েছে আইসিসি এবং সংস্থাটির উচিত ছিল নিজেদের ভুল স্বীকার করা।

পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলে দেওয়া মন্তব্যে হাফিজ বলেন, বাংলাদেশ পরিস্থিতি আইসিসি সঠিকভাবে মোকাবিলা করতে না পারার কারণেই এই সংকট তৈরি হয়েছে।

তিনি বলেন, ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর নিরাপত্তা শঙ্কা তুলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ভারতে বিশ্বকাপ খেলতে দল পাঠাতে অস্বীকৃতি জানায়। এরপর আইসিসির কাছে ম্যাচগুলো ভারত ছাড়া অন্য কোথাও আয়োজনের অনুরোধ করা হলেও আলোচনা শেষে আইসিসি বাংলাদেশের দাবিকে প্রত্যাখ্যান করে এবং তাদের জায়গায় স্কটল্যান্ডকে সুযোগ দেয়।

এই সিদ্ধান্তকে বাংলাদেশের প্রতি অন্যায্য আচরণ হিসেবে উল্লেখ করেন পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবির প্রধান মহসিন নাকভি। পরে বাংলাদেশের প্রতি সমর্থন জানিয়ে পাকিস্তান সরকার ভারত পাকিস্তান গ্রুপ ম্যাচ বর্জনের ঘোষণা দেয়, যা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ নেওয়ার কথা জানান।

আইসিসি পাকিস্তানকে সতর্ক করলেও পিসিবি তাদের অবস্থানে অনড় ছিল। তবে পরবর্তীতে লাহোরে পিসিবি প্রধান মহসিন নাকভি, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে বৈঠকের পর আইসিসি এই অচলাবস্থার সমাধান করে। পাকিস্তান পরে ম্যাচ বর্জনের সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয়।

আইসিসি জানায়, বাংলাদেশকে আর্থিক বা প্রশাসনিক কোনো শাস্তি দেওয়া হবে না। পাশাপাশি ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের আগে বাংলাদেশকে একটি আইসিসি টুর্নামেন্ট আয়োজনের সুযোগ দেওয়া হবে।

এই পুরো প্রক্রিয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করে হাফিজ বলেন, খেলাধুলায় রাজনীতির যে খেলা চলেছে, তাতে বিশ্বজুড়ে ক্রিকেট ভক্তরা কষ্ট পেয়েছেন, তারা যেই হোক না কেন।

তিনি আরও বলেন, আইসিসি পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ হয়েছে এবং নিজেদের ভুলের বিষয়ে কিছু বলেনি। বরং ক্ষতিপূরণ দিয়ে বিষয়টি মিটমাট করার চেষ্টা করছে, যা সঠিক নয়। তার মতে, আইসিসির উচিত ছিল ভুল মেনে নেওয়া, তা না হলে ভবিষ্যতেও এমন পরিস্থিতি তৈরি হবে।

ভারত পাকিস্তান ম্যাচ প্রসঙ্গে হাফিজ বলেন, এই প্রতিদ্বন্দ্বিতা ক্রিকেট বিশ্বের জন্য অনুপ্রেরণা। তিনি চান নিয়মিত এমন ম্যাচ হোক এবং আশা করেন, আগামী রবিবার নির্ধারিত ম্যাচটি মাঠে গড়াবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights