ইন্ডিয়ান সুপার লিগের আয় কমে গেছে ৯৭ শতাংশ

অনলাইন ডেস্ক

নানা নাটকীয়তার পর মাঠে গড়াতে যাচ্ছে ভারতের ঘরোয়া ফুটবলের সবচেয়ে বড় আসর ইন্ডিয়ান সুপার লিগ আইএসএল। সম্প্রচার স্বত্বও বিক্রি হয়েছে। কিন্তু শুরুতেই ধাক্কা খেল আয়। নতুন মৌসুমে লিগটির আয় কমেছে ৯৭ শতাংশেরও বেশি, যা ভারতীয় ফুটবলের জন্য বড় অশনিসংকেত।

আগামী মৌসুমের জন্য ফ্যানকোড প্রতি ম্যাচের সম্প্রচার স্বত্ব কিনেছে ৮.৬২ কোটি রুপিতে। এতে ভারতীয় ফুটবল ফেডারেশন প্রতি ম্যাচে পাবে মাত্র ৯.৫ লাখ রুপি।

শেষ ১০ মৌসুমে ফেডারেশন যেখানে প্রতি বছর গড়ে ২৭৫ কোটি রুপি আয় করত, সেখানে এবার সেই আয় কমে দাঁড়িয়েছে প্রায় ৮.৬২ কোটি রুপি। অর্থাৎ কমেছে প্রায় ২৬৬.৩৮ কোটি রুপি, যা মোট আয়ের ৯৭ শতাংশেরও বেশি।

আগের মৌসুমে আইএসএলে অনুষ্ঠিত হতো ১৬৩টি ম্যাচ। তখন প্রতি ম্যাচে ফেডারেশনের আয় ছিল ১.৬৮ কোটি রুপি। নতুন চুক্তিতে সেই অঙ্ক নেমে এসেছে ৯.৫ লাখ রুপিতে। ফলে ম্যাচ প্রতি আয় কমছে প্রায় ৯৫ শতাংশ।

তুলনামূলক চিত্র আরও বিস্ময়কর। আইপিএলের সম্প্রচার থেকে ভারতীয় ক্রিকেট বোর্ড যে পরিমাণ অর্থ পায়, তার তুলনায় ভারতীয় ফুটবল ফেডারেশন পাচ্ছে ৫৬১৩ গুণ কম। আইপিএলের একটি ম্যাচের দাম আইএসএলের একটি ম্যাচের চেয়ে ১২৪২ গুণ বেশি।

অর্থাৎ আইপিএলের মাত্র একটি ম্যাচের আয় দিয়েই আইএসএলের ১৪টি মৌসুমের সব ম্যাচের সম্প্রচার খরচ চালানো সম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights