মহাখালীতে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণ, আটক ৩

অনলাইন ডেস্ক

রাজধানীর মহাখালীতে ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। মিছিল থেকে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ।

আটককৃতরা হলেন–মিজানুর রহমান হাওলাদার (৪০), শামীম আর বেবি (৫০) ও শামীম হোসেন (৪৮)।

আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে মহাখালী বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মহাখালীর আইসিডিডিআরবির সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন জড়ো হয়। পরে তারা বাস টার্মিনালের দিকে মিছিল শুরু করে। টার্মিনাল এলাকায় এলে মহিলা লীগেরও কয়েকজন যুক্ত হয়। এ সময় মিছিল থেকে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় তারা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, ‘আওয়ামী লীগের কয়েকজন মিছিল করেছে। তারা ৪-৫টি ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে মিছিল থেকে তিনজনকে আটক করা হয়েছে।’

ডিএমপির তেজগাঁও শিল্পাঞ্চল জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) আব্দুল্লাহ আল ইমরান গণমাধ্যমকে জানান, আটকদের জিজ্ঞাসাবাদ চলছে। সুনির্দিষ্ট রাজনৈতিক দলের কোনো কর্মসূচির তথ্য আমাদের কাছে ছিল না। আমরা তদন্ত করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights