পাকিস্তানের ভেতরে আফগানিস্তানের বিমান হামলা, বাড়ছে উত্তেজনা

অনলাইন ডেস্ক
পাকিস্তানের ভেতরে বিমান হামলা চালানোর দাবি করেছে আফগানিস্তান। দেশটি বলেছে, সশস্ত্র গোষ্ঠী ও গোয়েন্দা চক্রের আস্তানা লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। শুক্রবার (১৯ জুন) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার রাতে এই হামলা চালানো হয়। তাদের দাবি, পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রদেশের কয়েকটি স্থাপনায় হামলা করা হয়েছে। এই দুই প্রদেশের সঙ্গেই আফগানিস্তানের সীমান্ত রয়েছে।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, যেসব স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে, সেগুলো আফগানিস্তানের বিরুদ্ধে হামলার পরিকল্পনা ও যোগাযোগের কাজে ব্যবহার করা হচ্ছিল। তবে পাকিস্তান হামলার দাবি প্রত্যাখান করেছে।

২০২১ সালে তালেবান ক্ষমতায় আসার পর থেকেই পাকিস্তান অভিযোগ করে আসছে, কাবুল তাদের সীমান্তে হামলা চালানো সশস্ত্র গোষ্ঠীগুলোকে আশ্রয় দিচ্ছে। তবে আফগানিস্তান বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে বলছে, এটি পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা।

২০২১ সালের পর থেকেই দুই দেশের সম্পর্কের অবনতি হয়েছে। গত ফেব্রুয়ারির শেষ দিকে পাকিস্তান বিমান হামলা চালালে আফগানিস্তান পাল্টা হামলা চালায়। এতে সংঘাত আরও তীব্র হয়।

গত মার্চে দুই দেশের মধ্যে একটি যুদ্ধবিরতি হয়েছিল। তবে এরপরও উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করে আসছে। চীনের মধ্যস্থতায় উত্তেজনা কমানোর চেষ্টা করা হলেও এখন পর্যন্ত কোনো সমাধান হয়নি।

জাতিসংঘের গত মে মাসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের প্রথম তিন মাসে সীমান্ত সংঘর্ষে অন্তত ৩৭২ জন আফগানি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ৩৯৭ জন।

আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য কোনো ধরনের হুমকি মেনে নেওয়া হবে না। যেকোনো হুমকি মোকাবিলায় আফগানিস্তান সর্বোচ্চ সক্ষমতা দিয়ে কাজ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights