সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াবে ‘নবধারা পাঠশালা’

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও মানবিক বিকাশে কাজ করতে ‘নবধারা পাঠশালা’র উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে উদ্বোধন করা হয়েছে ঝাকুনীপাড়া নবদিগন্ত জনকল্যাণ সংস্থার স্থায়ী কার্যালয়।

শুক্রবার কুমিল্লা আদর্শ সদর উপজেলার মধ্যম ঝাকুনীপাড়া এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে পাঠশালা ও সংস্থার কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাসুদ রানা চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, কুমিল্লার অধ্যক্ষ প্রফেসর এজেডএম ওবায়দুল্লাহ, নবীনগরের আলীম উদ্দিন জোবায়দা কলেজের সহকারী অধ্যাপক মো. জসীম উদ্দিন এবং বাজগড্ডা রাবেয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলিম খান রাজু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাখরাবাদ গ্যাস কোম্পানির সাবেক ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মমতাজ উদ্দীন আহমেদ। বক্তব্য দেন সংস্থার প্রধান উপদেষ্টা ডা. মোহাম্মদ জহির উদ্দীন, সভাপতি আবদুল কাদের এবং সাধারণ সম্পাদক নঈম মো. মহিউদ্দীন নায়েলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ছোট ছোট উদ্যোগ প্রথমে বালুকণার মতো ক্ষুদ্র মনে হলেও একসময় তা বৃহৎ পরিবর্তনের ভিত্তি হয়ে ওঠে। সমাজ পরিবর্তনের জন্য মানুষকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। একটি আলোকিত ও মানবিক সমাজ গঠনে সমাজের সচেতন মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তারা আরও বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ‘নবধারা পাঠশালা’ চালুর উদ্যোগটি একটি ব্যতিক্রমী ও প্রশংসনীয় পদক্ষেপ। এ ধরনের উদ্যোগ টিকিয়ে রাখতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights