হিমাগারের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে আলুচাষি-ব্যবসায়ীদের মানববন্ধন
জয়পুরহাট প্রতিনিধি
হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে জয়পুরহাটের কালাই উপজেলায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন আলুচাষি ও ব্যবসায়ীরা।
রবিবার বেলা ১১টায় জয়পুরহাট-বগুড়া মহাসড়কের কালাই পৌর বাসস্ট্যান্ড এলাকায় প্রায় আধা ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দেন।
উপজেলা ভ্যালু চেইন প্রমোশনাল অর্গানাইজেশন আলুর ব্যানারে আয়োজিত কর্মসূচিতে তিন শতাধিক কৃষক ও ব্যবসায়ী অংশ নেন। মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের সভাপতি এ কে এম রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক মো. ফিরোজ হোসেন, ব্যবসায়ী আব্দুল হান্নান এবং কৃষক নুর আলমসহ অনেকে।
বক্তারা অভিযোগ করেন, জয়পুরহাট জেলার ১৯টি হিমাগারের মধ্যে ১২টিই কালাই উপজেলায় অবস্থিত। সবচেয়ে বেশি আলু উৎপাদন ও সংরক্ষণ হয় এ উপজেলায়। এ সুযোগ কাজে লাগিয়ে হিমাগার মালিকেরা সিন্ডিকেট করে সংরক্ষণ ভাড়া বাড়িয়েছেন, যার ফলে কৃষক ও ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
এ কে এম রেজাউল ইসলাম বলেন, ৬০ কেজির প্রতি বস্তা আলু সংরক্ষণে ৪০০ থেকে ৪৩০ টাকা পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে। এতে প্রতি কেজি আলু সংরক্ষণে গড়ে প্রায় ৬ টাকা ৯০ পয়সা খরচ হচ্ছে। উৎপাদন ব্যয়সহ প্রতি কেজি আলুর মোট খরচ ২২ থেকে ২৩ টাকার বেশি হলেও বর্তমানে বাজারে ১৪ থেকে ১৫ টাকায় বিক্রি করতে হচ্ছে। ফলে কৃষক ও ব্যবসায়ীরা বড় ধরনের লোকসানের শিকার হচ্ছেন।
সংগঠনের সাধারণ সম্পাদক মো. ফিরোজ হোসেন বলেন, জেলার অন্যান্য উপজেলার তুলনায় কালাইয়ে সংরক্ষণ ভাড়া বেশি নেওয়া হচ্ছে। তিনি ভাড়া কমিয়ে প্রতি কেজি ৫ টাকা বা প্রতি বস্তা সর্বোচ্চ ৩০০ টাকা নির্ধারণের দাবি জানান। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি।
আঁওড়া মহল্লার কৃষক আবুল হোসেন বলেন, আলু চাষ করে বড় ভুল করেছি। এ অবস্থা চলতে থাকলে আগামীতে আলু চাষ ছেড়ে দিতে বাধ্য হব।
একই দাবিতে দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার জিন্দারপুর ইউনিয়নের মোলামগাড়ীহাট নর্থপোল কোল্ড স্টোরেজের সামনেও মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষক, সংরক্ষণকারী ও ব্যবসায়ীদের ব্যানারে আয়োজিত ওই কর্মসূচিতে আড়াই শতাধিক কৃষক, সংরক্ষণকারী ও ব্যবসায়ী অংশ নেন।
ওই কর্মসূচিতে বক্তব্য দেন সংগঠনের সভাপতি মো. তাজমিনুর রহমান, ব্যবসায়ী মো. গোলাম মোস্তফা, রেজাউল ইসলাম, বুলবুল আহমেদ, কৃষক আবুল আলিম, রিপণ আহম্মেদ ও সংরক্ষণকারী কামাল হোসেনসহ অন্যরা।
এ বিষয়ে বাংলাদেশ হিমাগার অ্যাসোসিয়েশন সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বলেন, সরকার নির্ধারিত প্রতি কেজি আলু সংরক্ষণের ভাড়া ৬ টাকা ৭৫ পয়সা হলেও বর্তমানে হিমাগারগুলো ৬ টাকা ৫০ পয়সা হারে ভাড়া নিচ্ছে। এখানে কোনো সিন্ডিকেট নেই। বিদ্যুতের দাম বৃদ্ধির কারণে ভাড়া সমন্বয়ের দাবি জানানো হয়েছে।
কালাই থানার পরিদর্শক (তদন্ত) দীপেন্দ্রনার্থ সিংহ বলেন, কৃষক ও ব্যবসায়ীদের মানববন্ধন শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।
