যুক্তরাষ্ট্রে ট্রাক চাপায় বাংলাদেশির মৃত্যু

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় কর্মস্থলে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে কবীর মৃধা (৫০) নামে এক বাংলাদেশি মারা গেছেন। শনিবার (২০ জুন) সকাল ৭টা ২০ মিনিটের দিকে ফ্লোরিডা স্টেটের ফোর্ট লডারডেল এলাকার পম্পানো বিচ সিটিতে এই দুর্ঘটনা ঘটে।

নিহত কবীর মৃধার বাড়ি বরিশাল জেলায়। তিনি সাউথ ফ্লোরিডায় একজন অত্যন্ত স্বজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সকলেই শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী এবং রাফাত নামের ১৯ বছর বয়সী এক মাত্র পুত্রসন্তান রেখে গেছেন। তারা সবাই একই এলাকায় বসবাস করতেন।

দুর্ঘটনার বিষয়ে বাংলাদেশ এসোসিয়েশন অব ফ্লোরিডার সভাপতি এ বি এম মোস্তফা সোমবার সকালে জানান, কবীর মৃধা স্থানীয় একটি বাংলাদেশি মালিকানাধীন গ্যাস স্টেশন কাম কনভেনিয়েন্স স্টোরে (মুদি দোকানসহ জ্বালানি তেল বিক্রয় কেন্দ্র) চাকরি করতেন। ঘটনার দিন সকালে তিনি কর্মস্থলে গিয়ে গ্যাস স্টেশনের পাশে থাকা ট্রাকের ওয়েটিং এরিয়ায় (অপেক্ষাগার) যান। সেখানে একজন চালকের সাথে কথা বলার সময় পাশের পার্কিং এলাকা থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই কবীর মৃধার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা নিশ্চিত করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, বর্তমানে কবীর মৃধার মরদেহ ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্তের আনুষ্ঠানিকতা শেষে ফ্লোরিডায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মরদেহটি দাফনের জন্য বাংলাদেশে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights