কুমিল্লায় মাদক কারবারিদের সংঘর্ষে স্কুলছাত্র গুলিবিদ্ধ

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে ইথান আহমেদ নামে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী গুলিবিদ্ধসহ অন্তত ৫ জন আহত হয়েছেন। ঘটনার পর ওই এলাকায় অভিযান পরিচালনা করছে পুলিশ ও র‌্যাব।

স্থানীয়রা জানিয়েছে, বুধবার রাত থেকে মাদক ব্যবসায় বাধা দেওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয়। একপর্যায়ে সংঘর্ষ ছড়িয়ে পড়লে এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাতে পুলিশ মেতায়েন করে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। রাতের ঘটনার জের ধরে বৃহস্পতিবার সকালে কাটাবিল রফিক উদ্দিন মেমোরিাল স্কুলের সামনে মাদক বিরোধী মানববন্ধন করে স্থানীয় বাসিন্দারা। এরপর দুপুরেই একদল অস্ত্রধারী মানববন্ধনের আয়োজক ও অংশগ্রহণকারীদের বাড়িঘরে হামলা চালায়।

এ সময় গুলিবর্ষণের ঘটনায় পথচারী ও স্থানীয় বাসিন্দারা আতঙ্কে ছোটাছুটি শুরু করেন। সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হন রফিক উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ইথান আহমেদ। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।

ইথানের মা সোনিয়া আক্তার জানান, আমার ছেলে স্কুলের বিরতিতে টিফিন খেতে বের হয়েছিলো। এর মধ্যেই পিঠে গুলি লাগে। কুমিল্লা মেডিকেলে রাখে নাই তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হচ্ছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, মাদক ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অপু গ্রুপ ও সাব্বির গ্রুপ দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। আর যে ছেলেটি গুলিবিদ্ধ হয়েছে সে স্কুল থেকে বের হয়ে বাড়ি যাচ্ছিলো বলে শুনেছি। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights