মরক্কোকে হালকাভাবে নিচ্ছেন না কুমান

অনলাইন ডেস্ক

গ্রুপ সেরা হয়ে ব্রাজিলকে এড়িয়েছে নেদারল‍্যান্ডস। তবে শেষ বত্রিশের প্রতিপক্ষ মোটেও সহজ নয় তাদের জন‍্য, খেলতে হবে গত আসরের সেমি-ফাইনালিস্ট মরক্কোর বিপক্ষে। ডাচ কোচ রোনাল্ড কুমান নিশ্চিত, নকআউট পর্বের শুরুতে ভীষণ কঠিন পরীক্ষায় পড়তে হবে তার দলকে।

বাংলাদেশ সময় শুক্রবার ভোরের ম‍্যাচে তিউনিসিয়াকে ৩-১ গোলে হারিয়ে ‘এফ’ গ্রুপ সেরা হয়েছে নেদারল‍্যান্ডস। আগামী মঙ্গলবার মন্তেরেইয়ে ‘সি’ গ্রুপ রানার্সআপ মরক্কোর মুখোমুখি হবে তারা। এই লড়াই নিয়ে বেশ সাবধানী নেদারল‍্যান্ডস কোচ।

তিনি বলেন, ‘আমি নিশ্চিত নই, মরক্কোর বিপক্ষে ম‍্যাচে আমরা ফেভারিট কিনা। আমাদের মরক্কোর জন‍্য তৈরি হতে হবে। কারণ, এটা হবে বড় ম‍্যাচ। তারা মানসম্পন্ন একটি ভালো দল, তারা সহজেই গোল করতে পারে।’

এখনই রাউন্ড অব ৩২ বাদ দিয়ে পরের সম্ভাব‍্য ম‍্যাচগুলো নিয়ে ভাবতেই চান না কুমান। তিনি বলেন, ‘আমার মনে হয় না, আমরা এমন পরিস্থিতিতে আছে যে, সেটা নিয়ে এখনই ভাবতে পারি। আমরা সত‍্যিকারের পরীক্ষার দিকে এগিয়ে যাচ্ছি। আর আমরা সেটার জন‍্য প্রস্তুতি নিচ্ছি।’

সহজেই নকআউটে খেলা নিশ্চিত হলেও রক্ষণ নিয়ে ভাবছেন ডাচ কোচ। কারণ টানা সাত ম‍্যাচ গোল হজম করেছে তার দল। এ বিষয়ে তিনি বলেন, ‘আমরা এই ব‍্যাপারটায় মনোযোগ দিয়েছি। এক বা দুই জন খেলোয়াড় সঠিক জায়গায় নেই। প্রতিপক্ষকে থামানো হচ্ছে না। আর এই ব‍্যাপারগুলো নিয়ে আমরা খেলোয়াড়দের সঙ্গে কথা বলব। গোল পাওয়া খেলারই অংশ। আমরা তিন ম‍্যাচে ১০ গোল করেছি।’

গ্রুপ পর্ব শেষ, এখন দলকে আসল লড়াইযের জন‍্য তৈরি হতে বললেন কুমান। তিনি বলেন, ‘যদি আমরা ভালো খেলি, ম‍্যাচ জিতব। কারণ, এখন যদি আপনি ম‍্যাচ হারেন, তো বাড়ি ফিরে যাবেন। আর যদি জয় পান তো টুর্নামেন্টে টিকে থাকবেন। অবশ‍্যই এই টুর্নামেন্টে আমরা অনেক দূর যেতে চাই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights