সিয়াটলের ড্রেসিংরুমের চিঠিতে সম্প্রীতির বার্তা ইরানের

অনলাইন ডেস্ক

প্রতিযোগিতামূলক ফলাফলের ঊর্ধ্বে ‘ফুটবলে সম্মান, শ্রদ্ধা এবং সততার বিষয়গুলো বজায় থাকুক’। নকআউট ওঠার লক্ষ্যে মিশরের বিপক্ষে ম্যাচের পর ড্রেসিংরুমে রেখে যাওয়া চিঠিতে এমন বার্তাই দিয়েছে ইরান ফুটবল দল। সবার উদ্দেশে দেওয়া চিঠিটি সিয়াটলের স্টেডিয়ামের ড্রেসিংরুমে রেখে গেছে দলটি।

এর আগে বেলজিয়ামের বিপক্ষে ম্যাচের পর সম্প্রীতির বার্তা দিয়েছিল ইরান। বেশ কয়েক মাস ধরে বিশ্বকাপের অন্যতম আয়োজক যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধাবস্থা চলছে। যুদ্ধ অবসানে সম্প্রীতি দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। তবে ইরানে নতুন করে ওয়াশিংটনের হামলার পর আবারও নতুন করে উত্তেজনা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে এমন সম্প্রীতির বার্তা দিল ইরান।

ইরান ফুটবল ফেডারেশনের প্রকাশ করা ওই চিঠিতে সুষ্ঠু ও নিরপেক্ষ খেলা এবং ক্রীড়াসুলভ মনোভাবের বার্তা তুলে ধরেছে। এতে বলা হয়েছে, ‘পয়েন্ট অনেকভাবেই অর্জন করা যায়, কিন্তু সম্মান নয়’। এছাড়া চিঠিতে ফুটবলকে কেবল ‘ফলাফলের প্রতিযোগিতা’ নয়, বরং ‘চরিত্রের পরীক্ষা’ হিসেবে অভিহিত করা হয়েছে।

এতে জোর দিয়ে বলা হয়, পয়েন্ট বিভিন্ন উপায়ে পাওয়া গেলেও সম্মান অর্জন করতে হয় আচরণ ও নিরপেক্ষতার মাধ্যমে। ফেয়ার প্লে বা সুষ্ঠু খেলা হলো ‘খেলার প্রাণ’। চিঠির সবচেয়ে হৃদয়বিদারক অংশটি ছিল লাল কালিতে লেখা কিছু শব্দ। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলার প্রথম দিনে মিনাব শহরের একটি স্কুলে হওয়া বোমা হামলায় অন্তত ১৬৮ জন নিহত হয়েছিলেন। চিঠিতে লাল অক্ষরে সেই মিনাব ট্র্যাজেডির কথা বিশেষভাবে ফুটিয়ে তোলা হয়েছে।

বার্তাটিতে জাতীয় পরিচয়ের বিষয়টিও উঠে আসে। এতে বলা হয়েছে, ইরান ঐতিহাসিকভাবেই জয়ের চেয়ে সম্মানকে অধিক গুরুত্ব দিয়ে এসেছে। প্রকৃত সাফল্য কেবল টুর্নামেন্টে এগিয়ে যাওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং মাঠ ও মাঠের বাইরে মর্যাদা ও নৈতিক আচরণ বজায় রাখার মধ্যেও নিহিত।

নকআউটে যেতে আলজেরিয়া ও অস্ট্রিয়ার মধ্যকার ম্যাচে যেকোনো একটি দলের জয় পরাজয় এবং ঘানার ক্রোয়েশিয়াকে হারালে কিংবা কঙ্গো উজবেকিস্তানের বিপক্ষে হারলে রাউন্ড অব ৩২-এ পৌঁছে যাবে ইরান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights