শ্বাসনালীতে দুধ আটকে তিন মাসের শিশুর মৃত্যু
চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গার জীবননগরে শ্বাসনালীতে দুধ আটকে মেঘলা ঘোষ নামে তিন মাস বয়সী এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৭ জুন) ভোরে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত মেঘলা ঘোষ জীবননগর পৌর এলাকার স্কুলপাড়ার মাধু ঘোষের মেয়ে।
শিশুটির মা সরস্বতী ঘোষ জানান, শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৪টার দিকে তিনি মেঘলাকে দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেন। পরে ভোরের দিকে শিশুটির বাবা ঢাকা থেকে বাড়িতে ফিরে মেয়েকে কোলে নিলে তার শরীর অস্বাভাবিক মনে হয়। পরিবারের সদস্যরা তাকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
জীবননগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাহমিদা আক্তার রুনা জানান, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।
