প্যারাগুয়ের বিপক্ষে জয় ছাড়া কিছু ভাবছেন না জার্মান কোচ

স্পোর্টস ডেস্ক

প্যারাগুয়ের বিপক্ষে শেষ বত্রিশে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নিজেকে প্রমাণের কোনো চাপ অনুভব করছেন না জার্মানির কোচ ইউলিয়ান নাগেলসমান। তার মতে, কোচ হিসেবে তার প্রধান দায়িত্ব হলো দলকে সাফল্যের পথে এগিয়ে নেওয়া, ব্যক্তিগত প্রমাণ নয়।

বাংলাদেশ সময় সোমবার রাত আড়াইটায় নকআউট পর্বে প্যারাগুয়ের মুখোমুখি হবে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি।

টানা সাফল্যের ধারায় বিশ্বকাপে আসা জার্মানি কুরাসাওকে ৭-১ গোলে হারিয়ে আসর শুরু করে। এরপর কোস্টা রিকার বিপক্ষে যোগ করা সময়ের গোলে শেষ বত্রিশে জায়গা নিশ্চিত করে তারা। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইকুয়েডরের কাছে হেরে যায় দলটি, যা নিয়ে শুরু হয় সমালোচনা।

২০১৮ ও ২০২২ বিশ্বকাপে প্রথম রাউন্ড থেকে বিদায় নেওয়ার পর এবার নাগেলসমানের অধীনে পুনরায় ছন্দে ফিরেছে জার্মানি। তবে ছন্দে থাকা সত্ত্বেও কোচের কিছু সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠছে। বিশেষ করে ফরোয়ার্ড দেনিস উন্দাফকে একাধিক ম্যাচে শুরুর একাদশে না রাখা এবং জামাল মুসিয়ালা ও ফ্লোরিয়ান ভির্ৎসের মতো তারকাদের ধারাবাহিকভাবে খেলানো নিয়ে সমালোচনা চলছে।

২০২৩ সালের সেপ্টেম্বরে দায়িত্ব নেওয়া নাগেলসমানের জন্য এটি প্রথম বিশ্বকাপ। শিরোপাই তার প্রধান লক্ষ্য হলেও তিনি ব্যক্তিগত সমালোচনাকে গুরুত্ব দিতে নারাজ।

তিনি বলেন, ‘এখানে গুরুত্বপূর্ণ হলো দল ও তাদের সাফল্য। আমাদের দলে যে ভালো পরিবেশ আছে, সেটাই মাঠে ফুটিয়ে তোলা জরুরি। আমি মনে করি না, নিজেকে প্রমাণ করার কিছু আমার আছে। আমার কাজ খেলোয়াড়দের সাহায্য করা এবং তাদের প্রস্তুত করা।’

প্যারাগুয়েকে নিয়ে সতর্ক জার্মান কোচ বলেন, ‘তারা অস্বস্তিকর প্রতিপক্ষ, আমাদের জন্য কঠিন পরীক্ষা হবে। জাতীয় দলের ক্ষেত্রে প্রতিটি ম্যাচ জেতাই লক্ষ্য।’

তিনি আরও যোগ করেন, ‘চাপ সামলাতে হয় আত্মবিশ্বাস দিয়ে এবং ভালো পরিকল্পনার মাধ্যমে। জিতলে সব ঠিক, হারলে সব প্রশ্নবিদ্ধ হয়। তাই আমাদের লক্ষ্য একটাই—জয়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights