নামাজ পড়াতে যাওয়ার পথে প্রাণ গেল মডেল মসজিদের খতিবের
নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ফজরের নামাজ পড়াতে যাওয়ার পথে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এক মসজিদের খতিবের মৃত্যু হয়েছে।
বুধবার (১ জুলাই) ভোরে উপজেলার চরবাটা ইউনিয়নের তোতা মিয়ার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাফেজ মুফতি মাকছুদ আলম (৩৬) উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জনতা বাজার এলাকার নুরুল আলম মন্ত্রী সওদাগরের ছেলে। তিনি সুবর্ণচর উপজেলা মডেল মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে এলাকায় বৃষ্টি হয়েছিল। প্রতিদিনের মতো ফজরের নামাজ পড়াতে ভোরে মোটরসাইকেলে করে বাড়ি থেকে মসজিদের উদ্দেশে রওনা দেন মাকছুদ আলম। পথে চরবাটা ইউনিয়নের তোতা মিয়ার বাজার এলাকায় পৌঁছালে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মোটরসাইকেল থেকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।
