আর্জেন্টিনা-কেপ ভার্দে লড়াইয়ে জয়ের পাল্লা কার দিকে? জানাল সুপার কম্পিউটার

অনলাইন ডেস্ক

বিশ্বকাপে দুর্দান্ত লড়াই করে ইতিহাস গড়ে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে আফ্রিকার ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। তিনটি গ্রুপ ম্যাচেই ড্র করে প্রথমবারের মতো নকআউটে ওঠা দলটির সামনে এবার সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ- বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

অন্যদিকে, চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত তিনটি ম্যাচই জিতেছে আর্জেন্টিনা। একটি ম্যাচেও হার কিংবা ড্রয়ের মুখ দেখেনি লিওনেল স্ক্যালোনির দল। তাই কাগজে-কলমে তারাই স্পষ্টভাবে এগিয়ে থাকলেও ইতিহাস গড়ার স্বপ্ন নিয়েই মাঠে নামবে কেপ ভার্দে।

২০২৬ বিশ্বকাপের শেষ ষোলো পর্বের এই লড়াই অনুষ্ঠিত হবে শনিবার (৪ জুলাই) ভোরে। মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং বিশ্বকাপে প্রথমবার অংশ নেওয়া কেপ ভার্দে।

ম্যাচটি নিয়ে পূর্বাভাস দিয়েছে পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষক প্রতিষ্ঠান অপটার সুপার কম্পিউটার। তাদের বিশ্লেষণে আর্জেন্টিনাকেই জয়ের সম্ভাবনায় অনেক এগিয়ে রাখা হয়েছে।

ম্যাচের আগে ২৫ হাজারবার অনুকরণমূলক বিশ্লেষণ চালিয়ে অপটা দেখেছে, নির্ধারিত ৯০ মিনিটে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৮১ শতাংশ। বিপরীতে কেপ ভার্দের জয়ের সম্ভাবনা মাত্র ৬ দশমিক ৮ শতাংশ। আর ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনা ১২ দশমিক ৩ শতাংশ।

অতিরিক্ত সময় ও টাইব্রেকারের সম্ভাবনাও বিবেচনায় নেওয়া হয়েছে এই বিশ্লেষণে। সেখানে পরের পর্বে আর্জেন্টিনার ওঠার সম্ভাবনা ধরা হয়েছে ৮৯ দশমিক ৪ শতাংশ। অন্যদিকে কেপ ভার্দের সম্ভাবনা মাত্র ১০ দশমিক ৬ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights