১০ জনকে পুশইনের অভিযোগ, ভারতে ফেরত পাঠাল বিজিবি

মৌলভীবাজারের জুড়ী উপজেলার কচুরগুল সীমান্ত দিয়ে অবৈধভাবে ১০ জনকে বাংলাদেশে পুশইনের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর বিরুদ্ধে। বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটক ব্যক্তিদের মধ্যে দুইজন পুরুষ, সাতজন নারী এবং একটি শিশু রয়েছে।

বিজিবি জানায়, পরিচয় যাচাই-বাছাই শেষে তাদের কাছে বাংলাদেশি নাগরিকত্বের পক্ষে কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। এ কারণে বৃহস্পতিবার রাতেই তাদের ভারতে ফেরত পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে ৫২ বিজিবির বিয়ানীবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান বলেন, ভোরে স্থানীয়দের সহায়তায় ওই ১০ জনকে আটক করা হয়। তাদের পরিচয় যাচাইয়ের সময় বাংলাদেশি নাগরিকত্বের কোনো বৈধ প্রমাণ পাওয়া যায়নি। পরে রাতেই তাদের ভারতে ফেরত পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ বা পুশইনের বিষয়ে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে। দেশের সীমান্ত নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights