গাইবান্ধায় নদ-নদীর পানি কমছে, নদীভাঙন অব্যাহত

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার ব্রহ্মপুত্র, ঘাঘট, তিস্তা ও করতোয়াসহ সব প্রধান নদ-নদীর পানি কমতে শুরু করেছে। জেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সর্বশেষ তথ্য অনুযায়ী, সবকটি নদীর পানিই এখন বিপৎসীমার বেশ নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে পানি কমলেও জেলাটিতে নদীভাঙনের তীব্রতা কমেনি।

শুক্রবার (৩ জুলাই) গাইবান্ধার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বিকেল ৩টার তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র নদের পানি ১ সেন্টিমিটার (সেমি) হ্রাস পেয়ে বিপৎসীমার ১১৬ সেমি নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

ঘাঘট নদের পানি ১০ সেন্টিমিটার কমে বিপৎসীমার ১৬৬ সেমি নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তা নদীর পানি ১০ সেমি হ্রাস পেয়ে বিপৎসীমার ৬৯ সেমি নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, করতোয়া নদীর পানি ১২ সেমি পেয়ে বিপৎসীমার ২০৮ সেমি নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

চলমান বন্যার মৌসুমে এখন পর্যন্ত গাইবান্ধায় কোনো নদ-নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেনি।

এদিকে চলতি মৌসুমে গাইবান্ধার প্রধান নদ-নদীগুলোতে পানি বৃদ্ধি ও কমার মধ্যে ভাঙন অব্যাহত রয়েছে। ভাঙন এলাকাগুলোতে প্রতিনিয়তই নতুন করে বিলীন হয়ে যাচ্ছে বসতভিটা, আবাদি জমি।

গাইবান্ধার পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, চলমান পানি বৃদ্ধি শুরু থেকে জেলার চার উপজেলার অন্তত ২৫টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights