মেসির গোলে এগিয়ে থেকে বিরতিতে আর্জেন্টিনা
অনলাইন ডেস্ক
বিশ্বকাপের শেষ বত্রিশের ম্যাচে কেপ ভার্গের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছে আর্জেন্টিনা। দুর্দান্ত গোলে আর্জেন্টিনাকে এগিয়ে দিয়েছেন দলের প্রাণভোমরা লিওনেল মেসি।
ম্যাচের ২৯ মিনিটে লিসান্দ্রো মার্তিনেজের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে গোলকিপারের মাথার ওপর দিয়ে লব করে জালে জড়ান মেসি। এটি বিশ্বকাপে সব মিলিয়ে মেসির ২০তম গোল। আর চলতি বিশ্বকাপে ৭ম।
ম্যাচের শুরু থেকেই আর্জেন্টিনার দাপট থাকলেও খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি বর্তমান চ্যাম্পিয়নরা। নিরেট রক্ষণভাগে বারবার হতাশ করেছে কেপ ভার্দে।
এই ম্যাচের মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে নতুন এক মাইলফলক গড়লেন মেসি। এই ম্যাচটি বিশ্বকাপে তার ৩০তম ম্যাচ, যা এই প্রতিযোগিতার ইতিহাসে কোনো ফুটবলারের সর্বোচ্চ।
শুধু তাই নয়, এটি বিশ্বকাপে তার ২৭তম একাদশে শুরু করা ম্যাচও, এটিও আরেকটি নতুন রেকর্ড।
